মুন্সীগঞ্জে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ আহত ৫
Advertisement
যুগান্তর প্রতিবেদন, মুন্সীগঞ্জ
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মুন্সীগঞ্জ সদর উপজেলায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়েছেন। অটোরিকশার ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাত ৮টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের চরবেশনাল গ্রামের আলমাস দেওয়ানের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ১ সপ্তাহ আগে পার্শ্ববর্তী আকালমেঘ গ্রামের সাজু ও হানিফ নামের দুই ব্যক্তি মজিদ মোল্লার গ্যারেজ থেকে দুটি অটোর চার্জার ব্যাটারি চুরি করে বিক্রি করে। এর মধ্যে চোররা ১টি চার্জার ফেরত দেয়, অপরটি শিলই গ্রামে আরেক অটোচালকের কাছে বিক্রি করে। খবর পেয়ে ভিকটিম মজিদ মোল্লা সেখান থেকে চার্জার নিয়ে আসেন। তখন কথা থাকে জিম্মাদাররা ২ হাজার টাকা চোরাই মাল কেনা ব্যক্তিকে দিয়ে দেবেন। কিন্তু যারা চুরি করেছে, তারা ওই দুই হাজার টাকা পরিশোধ করেনি। সেই ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগীরা চোরপক্ষের অটোমিশুক আটকে দেয়। এ ঘটনার খবর পেয়ে তিন অভিযুক্ত সাজু, হানিফ ও হাসানসহ তার সহযোগীরা মজিদ মোল্লার বাড়ির সামনে এসে হামলা চালায়। এ সময় তারা মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। তাদের এই হামলায় গুলিবিদ্ধসহ ৫ জন আহত হন। আহতরা হলেন-মজনু বেপারী, আলমাছ দেওয়ান, আয়েশা, মন্টু দেওয়ান ও সামিউল। এদের মধ্যে গুলিবিদ্ধ বেপারীকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মুন্সীগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, ২টি অটো চার্জার চুরির ঘটনায় একটি চার্জার ফেরত দিলেও আরেকটি ফেরত দেয়নি। এ ঘটনায় যাদের অটোর চার্জার চুরি করেছে তারা চোরচক্রের একজনের অটো আটক করে। এ ঘটনার জেরে হামলা চালানো হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
