প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা নিশ্চিত করবে সরকার: জোবাইদা রহমান
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সব মানুষ আর্থিক বিবেচনায় নয় বরং প্রয়োজন অনুসারে চিকিৎসা পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান। তিনি বলেন, স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, স্বাস্থ্যসেবা একটি মৌলিক অধিকার। প্রত্যেক নাগরিককে মর্যাদা ও সম্মানের সঙ্গে স্বাস্থ্যসেবা প্রদান করাই বর্তমান সরকারের সংকল্প। ‘সবার জন্য স্বাস্থ্য’-এই নীতির আলোকে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা ইউনিভার্সেল হেলথ আমাদের সংকল্প। আমরা বিশ্বাস করি, চিকিৎসা খরচ মেটাতে আর সর্বস্বান্ত নয়, মানসম্মত চিকিৎসাসেবা সবার দোরগোড়ায় থাকবে ইনশাআল্লাহ। প্রতিটি মানুষ চিকিৎসা পাবে তার প্রয়োজন অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী নয়।
শনিবার সন্ধ্যায় জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, স্বাধীনতার যুদ্ধে বীর শহীদ এবং শহীদ জুলাই যোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন জোবাইদা রহমান।
দোয়া মাহফিলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, সরকারি হাসপাতালগুলোয় দালালের দৌরাত্ম্য বন্ধ করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি দালাল মুক্ত করতে সব চিকিৎসকের সহায়তা প্রয়োজন। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এমএ মুহিত চিকিৎসকদের সেবার মনোভাব নিয়ে রোগীদের চিকিৎসা দিতে আহ্বান জানান।
ড্যাবের পক্ষ থেকে সব চিকিৎসককে সঠিক সময়ে হাসপাতালে উপস্থিত হয়ে নিয়মিত চিকিৎসা প্রদানের আহ্বান জানিয়ে সব ন্যায্য চাহিদা পূরণে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যাবের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল প্রমুখ।
