সিইসির পদত্যাগ দাবি
দিল্লিতে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা
Advertisement
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের বিতর্কিত ভোটার তালিকা সংশোধন (এসআইআর) প্রক্রিয়া বাতিল ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ দাবিতে শুক্রবার আবারও উত্তপ্ত হয়ে উঠে নয়াদিল্লি। ছাত্র, কৃষক, শ্রমিক ও নাগরিক সমাজের বিভিন্ন সংগঠনের যৌথ মঞ্চ পিপলস এগেইনস্ট এসআইআরের ডাকে মধ্য দিল্লিতে বিক্ষোভ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়।
কনট প্লেসের বাংলা সাহিব গুরুদ্বারার কাছ থেকে শুরু হওয়া এই কর্মসূচির লক্ষ্য ছিল প্যাটেল চকের কাছে অবস্থিত নির্বাচন কমিশনের সদর দপ্তর। কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। আন্দোলনকারীদের দাবি, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া অবিলম্বে বাতিল করতে হবে। সেই সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরাতে হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বিক্ষোভকারীরা স্লোগান দেন-প্রতিটি গলি, প্রতিটি গ্রাম এবং প্রতিটি বাড়ি হয়ে উঠুক যন্তর-মন্তর। তাদের বক্তব্য, ভোটাধিকার রক্ষায় সাধারণ মানুষকে আরও ব্যাপকভাবে আন্দোলনে যুক্ত করতে হবে। গত ১৪ অক্টোবর নয়াদিল্লির সুরজিৎ ভবনে কৃষক, দলিত, জনজাতি, নারী ও সংখ্যালঘু সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে পিপলস এগেইনস্ট এসআইআর মঞ্চের আত্মপ্রকাশ ঘটে।
সংগঠনটির দাবি, বর্তমান সংশোধন প্রক্রিয়া আইনসম্মত নয় এবং এর ফলে প্রকৃত ভোটারদের অধিকার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মেয়াদ বাড়ল
বিক্ষোভের শঙ্কায় দিল্লিতে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) মোতায়েনের মেয়াদ দ্বিতীয়বারের মতো বাড়িয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এসব বাহিনী দিল্লিতে মোতায়েন থাকবে। নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি কর্মকর্তাদের উদ্ধৃত করে বার্তা সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি পুলিশের অনুরোধে এই মেয়াদ বাড়ানো হয়েছে। রাজধানীর বিভিন্ন স্পর্শকাতর স্থানে রাজনৈতিক ও অন্যান্য সংগঠনের আকস্মিক বিক্ষোভের আশঙ্কার কথা মন্ত্রণালয়কে জানিয়েছিল পুলিশ।
নেহা বোরার আবেদন হাইকোর্টে খারিজ দিল্লি পুলিশের দেওয়া নোটিশ চ্যালেঞ্জ করে করা সর্বভারতীয় ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরার আবেদন খারিজ করেছেন দিল্লি হাইকোর্ট। ওই নোটিশে তদন্ত চলাকালে শান্তি বজায় রাখার জন্য তাকে ১০ হাজার রুপির ব্যক্তিগত বন্ড ও একজন জামিনদার দিতে বলা হয়েছিল। গত ১৬ অক্টোবর ‘লেহরা দো তিরঙ্গা’ পদযাত্রায় অংশ নেওয়ার পর নেহাকে নোটিশ দেয় পুলিশ। শুক্রবার আদালত তার আবেদন খারিজ করে দেন। আদেশ ঘোষণার সময় বিচারপতি সুব্রামোনিয়াম প্রসাদ বলেন, ‘আমি এ পর্যায়ে রিট আবেদনটি খারিজ করছি।’ তবে আদালত বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে কয়েকটি নির্দেশনা দিয়েছেন। বার্তা সংস্থা পিটিআই জানায়, নেহা বোরাকে সংশ্লিষ্ট কার্যক্রমের সব প্রয়োজনীয় নথি ও তথ্য দিতে হবে।
