কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাপায় যুবক নিহত
৫ লাখ টাকায় মীমাংসার চেষ্টা
Advertisement
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নে লস্করচালা এলাকায় নাসির উদ্দিন নামের এক মাটি ব্যবসায়ীর ড্রাম ট্রাকের চাপায় মাসুম রানা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টি মীমাংসা করার জন্য স্থানীয় বিএনপি নেতারা তার পরিবারকে ৫ লাখ টাকা দিয়ে মীমাংসা করার জন্য চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার মধ্যরাতে উপজেলার লস্করচালা এলাকায়। নিহত মাসুম রানা (৩৫) কালিয়াকৈর উপজেলার লস্করচালা এলাকার নুর উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার জানায়, কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নে দীর্ঘদিন ধরে ফসলি জমির মাটি কেটে স্থানীয় কারখানায় বিক্রি করে আসছিল। এলাকাবাসী বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েও মাটি কাটা বন্ধ করতে পারছিল না। এতে আশপাশের ফসলি জমি ধসে পড়া এবং এলাকার রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ রয়েছে। মাটি কাটার স্থানে ট্রাকের সিরিয়াল দেন মাসুম রানা। শনিবার রাতে উপজেলার হাটুরিয়াচালা এলাকায় মাটি কাটার সময় পাশেই দাঁড়িয়ে ছিলেন মাসুম। এ সময়ে ড্রাম ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনার পর মধ্যপাড়া ইউনিয়নের তিন নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল সিকদার ও মাটি ব্যবসায়ী নাসির উদ্দিন নিহতের বাড়িতে বৈঠক করেন। পরে সেখানে নিহতের পরিবারকে ৫ লাখ টাকা নিয়ে মীমাংসার প্রস্তাব করেন। নিহতের বড় বোন সনিয়া বেগম বলেন, আমার ভাই মারা যায়নি। ওরে মারা হয়েছে। এর সুষ্ঠু বিচার চাই।
