সারিয়াকান্দিতে বিএনপি কর্মীকে ছুরিকাঘাতে হত্যা
Advertisement
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার সারিয়াকান্দিতে মোহাম্মদ আলী শয়ন মন্ডল (২৪) নামে এক বিএনপি কর্মীকে বুকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার রাত ৮টার দিকে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের জোড়গাছা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টায় সারিয়াকান্দি থানার ওসি আ ফ ম আসাদুজ্জামান জানান, তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের সম্পর্কে জানা যায়নি।
খালাতো ভাই আনারুল আকন্দ জানান, নিহত শয়ন মন্ডল সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের জোড়গাছা মধ্যপাড়া গ্রামের টিপু মন্ডলের ছেলে। শয়ন মন্ডল আগে ঢাকায় গার্মেন্টে চাকরি করতেন। বর্তমানে ভেলাবাড়ি হাটের ইজারাদারের সহযোগী হিসাবে কাজ করতেন। সিঙ্গাপুরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। একই এলাকার ও একই রাজনৈতিক দলের কর্মী ফটিক মন্ডলের ছেলে সুবেল মন্ডলের সঙ্গে শয়ন চলাফেরা করতেন। তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে বিরোধ চলছিল। বুধবার রাত ৮টার দিকে গ্রামের টগরের ছ’মিলের সামনে শয়ন ও সুবেলের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সুবেল চাকু বের করে শয়নের বুকে ঢুকিয়ে দিয়ে পালিয়ে যান। স্বজন ও স্থানীয়রা টের পেয়ে রক্তাক্ত শয়নকে উদ্ধার করে রাত ৯ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেন। চিকিৎসকরা কিছুক্ষণ পর তাকে মৃত ঘোষণা করেন।
শয়ন ও সুবেল বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তারা সবসময় একসঙ্গে চলাফেরা করতেন। তবে তাদের মধ্যে কী নিয়ে বিরোধ ছিল তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
