প্রবাসীর গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
সোনারগাঁয়ে মহাসড়কে চালককে গুলি করে মালামাল লুট
Advertisement
যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সোনারগাঁ উপজেলার পিরোজপুর আষাঢ়ীয়ারচর ব্রিজের ওপর মঙ্গলবার সকালে চালককে গুলি করে এক সৌদি আরব প্রবাসীর গাড়িতে দুর্র্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল এ সময় ওই সৌদি আরব প্রবাসীর পাসপোর্ট, মোবাইলফোন ও সৌদি রিয়ালসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। আহত গুলিবিদ্ধ চালক মো. ফিরোজ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জানা যায়, চাঁদপুর জেলা সদরের পূর্ব জাফরাবাদ গ্রামের গাজী হাসান আলীর ছেলে সৌদি আরব ফেরত প্রবাসী মো. দেলোয়ার হোসেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার ভোরে নোহা মাইক্রোবাসযোগে তার গ্রামের বাড়ি চাঁদপুর যাওয়ার উদ্দেশে রওয়ানা হন। পথে সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার আষাঢ়ীয়ারচর ব্রিজের ওপর তাকে বহনকারী নোহা মাইক্রোবাসটি পৌঁছালে পেছন দিক থেকে ৪টি মোটরসাইকেল ও একটি প্রবক্স গাড়িতে আসা অজ্ঞাতনামা ১০-১২ জনের ডাকাতদল তার গাড়িটির গতিরোধ করে। একপর্যায়ে ডাকাতদল মাইক্রোবাসের চালকের ডান হাতে এক রাউন্ড গুলি করে তাকে আহত করে। পরে ডাকাতদল মাইক্রোবাসের ভেতরে থাকা সৌদি প্রবাসীর পাসপোর্ট, মোবাইলফোন, সৌদি রিয়াল ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
