ফতুল্লায় নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার
Advertisement
ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ফতুল্লায় নিখোঁজের একদিন পর সৈকত ইসলাম (৭) নামের এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। সোমবার সন্ধ্যায় ফতুল্লার গোপালনগর এলাকার সুমন মিয়ার পরিত্যক্ত টিনশেড ভবন থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত সৈকত ইসলাম গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার রাজমিস্ত্রী রঞ্জু মিয়ার ছেলে। তারা সপরিবারে ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকার গনি মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। নিহতের মেজো ভাই শহীদ জানান, রোববার সকালে গাইবান্ধা জেলার গ্রামের বাড়ি থেকে সৈকত আমাদের ফতুল্লার ভাড়া বাসায় আসে। এদিন সন্ধ্যায় সে নিখোঁজ হয়। ওই রাতেই বোন জামাই সাহেদ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় নিখোঁজ জিডি করেন এবং এলাকায় সৈকতের সন্ধান চেয়ে মাইকিং করা হয়। এরপর সোমবার বিকালে স্থানীয় লোকজন জানান সৈকতের লাশ একটি পরিত্যক্ত বাড়িতে পড়ে আছে। সৈকত বাড়ির কাছেই মাহমুদিয়া মাদ্রাসায় লেখাপড়া করত। তিনি পুলিশের কাছে দ্রুত হত্যাকারীদের গ্রেফতার দাবি জানিয়েছেন। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান জানান, পরিত্যক্ত বাড়িতে নিয়ে সৈকতের মাথায় ইট দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
