ভয়ংকর অস্ত্র পেন গানের কারবারিসহ গ্রেফতার ৫
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর লালবাগের কোতোয়ালি থেকে উদ্ধার হওয়া ভয়ংকর ক্ষুদ্র আগ্নেয়াস্ত্র ‘পেনগান’ বা ‘কলম অস্ত্র’র এক কারবারিসহ আরও পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার ব্যক্তিরা হলেন পুরান ঢাকার নিঝুম, তার সহযোগী নোমান, ইসমাইলসহ আরও দুই যুবক। এদের মধ্যে নিঝুম কোতোয়ালি থেকে উদ্ধার হওয়া ওই পেনগানের বিক্রেতা ছিলেন বলে জানিয়েছে ডিবি।
সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর আগে সাইমুন ও কাল্লু নামের দুই সন্ত্রাসীকে গ্রেফতারের পর একটি পেনগান উদ্ধার করে ডিবি। নিঝুমের কাছ থেকেই পেনগানটি এনেছিলেন হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার কাল্লু-এমন তথ্য জানান ডিবির তদন্ত কর্মকর্তারা।
সোমবার রাতে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম পেনগানের সঙ্গে সংশ্লিষ্ট পাঁচজন গ্রেফতারের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেন। তিনি বলেন, তাদের কাছ থেকে ১৬শ গ্রাম গানপাউডার ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক দুটি মামলা হয়েছে। এছাড়া পেনগানের আগের একটি মামলা ছিল। আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উল্লেখ্য, গত মঙ্গলবার লালবাগের কোতোয়ালি থেকে একটি ‘পেনগান’ উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই ব্যক্তিকে। এ ধরনের অস্ত্র বিশ্বের আলোচিত বিভিন্ন গোয়েন্দা সংস্থা ব্যবহার করে বলে রহস্য ও গোয়েন্দা উপন্যাসে পাওয়া যায়।
ডিবির কর্মকর্তারা জানিয়েছেন, পেনগানটি লম্বা অনুমান ৬ ইঞ্চি। মাথার অংশ পিতলের তৈরি গোলাকার। কলমের ক্লিপ আকৃতির অংশ ট্রিগার হিসাবে ব্যবহৃত হয়। নিচের অর্থাৎ নিবের অংশ খোলা যায়, এর মধ্যেই বুলেট .২২ গুলি ব্যবহার করা যায়। এই পেনগানে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পুরান ঢাকার ব্যবসায়ী মো. রাসেল। পূর্ববিরোধের জেরে খুব কাছ থেকে রাসেলের বুকে গুলি করা হয়।
