সেনাবাহিনীর অভিযান
বান্দরবানে অপহৃত ৬ রাবার বাগান শ্রমিক উদ্ধার
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বান্দরবানে অপহৃত ৬ রাবার বাগান শ্রমিককে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তাদের আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বৃহস্পতিবার বান্দরবানের লামা উপজেলার হাতিরডেরা-টংকাবতী এলাকায় ওই ছয় শ্রমিককে অপহরণ করা হয়। শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) হাতিরডেরা-টংকাবতী এলাকায় অপহরণের শিকার রাবার বাগান শ্রমিকদের উদ্ধারে সেনাবাহিনীর একাধিক টহলদল অভিযান শুরু করে। নিবিড় অনুসন্ধান ও তল্লাশি অভিযানের পর সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা অপহৃতদের পাহাড়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে দিনের আলো ফোঁটার পর সেনাবাহিনীর টহলদল তাদের নিরাপদে উদ্ধার করে। সংশ্লিষ্ট থানা এ বিষয়ে অবহিত রয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পার্বত্য চট্টগ্রামের সব জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দেশের শান্তি ও জনসাধারণের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।
