হাসপাতালে যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে গৃহবধূ
২৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে গেছে
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৩ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর আগারগাঁওয়ে শাশুড়ির চিকিৎসার টাকা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন গৃহবধূ শিল্পী বেগম (৪০)। তার নগদ ২৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে গেছে ছিনতাইকারীরা। শুক্রবার ভোরে ডিএমপির শেরেবাংলা নগর থানাধীন নির্বাচন কমিশন অফিসের সামনের রাস্তায় এই ঘটনা ঘটে। আহত শিল্পী বেগমকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
শিল্পীর স্বামী ব্যবসায়ী আব্দুল হক জানান, তার মা মরিয়ম বেগম (৯৫) হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে গ্রামের বাড়ি থেকে এনে আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে মায়ের চিকিৎসার জন্য জরুরি টাকার প্রয়োজন হওয়ায় তিনি স্ত্রীকে ফোন করে বাসা থেকে টাকা নিয়ে আসতে বলেন।
স্বামীর ফোন পেয়ে ভোর সাড়ে ৪টার দিকে কাফরুলের ইব্রাহিমপুর এলাকার বাসা থেকে ২৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে ব্যাটারিচালিত রিকশায় করে হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা হন শিল্পী। রিকশাটি নির্বাচন কমিশন অফিসের সামনের রাস্তায় পৌঁছলে ৫-৬ জনের একটি সশস্ত্র ছিনতাইকারী দল তার গতিরোধ করে। ছিনতাইকারীরা শিল্পীর হাতে ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন দুটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
আব্দুল হক বলেন, ছিনতাইকারীরা আমার স্ত্রীকে রক্তাক্ত করে সব নিয়ে গেল। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে অসুস্থ মাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং স্ত্রীকে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় নেওয়া হয়েছে। পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আগারগাঁও এলাকায় ছুরিকাঘাতে আহত এক নারী সকালে ঢামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
