স্বামী প্রবাসে
বন্দরে যৌতুকের দাবি গৃহবধূকে নির্যাতন
Advertisement
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১০ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বন্দরে দুই লাখ টাকা যৌতুকের দাবিতে রিয়া মনি নামে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বন্দরের ধামগড় ইউনিয়নের মালিবাগ এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর বাবা বাদল মিয়া বাদী হয়ে শুক্রবার রাতেই বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বাদল মিয়া জানান, প্রায় পাঁচ বছর আগে মালিবাগ এলাকার মো. জাকির হোসেনের ছেলে মো. শাহিদ ওরফে জাহিদুলের সঙ্গে রিয়া মনির বিয়ে দেন। বিয়ের সময় ৮০ হাজার টাকা যৌতুক হিসাবে দেওয়া হয়। পরবর্তীতে শাহিদ সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে আরও এক লাখ টাকা দাবি করলে তিনি ধার-দেনা করে সেই টাকাও দেন। বর্তমানে শাহিদ সৌদি আরবে অবস্থান করছেন। সম্প্রতি তার পরিবারের সদস্যরা ভবন নির্মাণের অজুহাতে রিয়া মনির কাছে পুনরায় দুই লাখ টাকা দাবি করে। এই টাকা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার শাশুড়ি শাহিনূর বেগম, শ্বশুর জাকির হোসেন ও ননদ রুমা বেগম মিলে রিয়াকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। একপর্যায়ে তার চার বছরের শিশু সন্তানকে জোরপূর্বক রেখে তাকে বাড়ি থেকে বের করে দেয়।
এ বিষয়ে বন্দর থানার ওসি গোলাম মোস্তফা আশরাফউদ্দিন জানান, গৃহবধূকে নির্যাতনের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
