রূপগঞ্জে বাড়িঘরে হামলা
স্বেচ্ছাসেবক দলে সংঘর্ষ গুলিতে আহত ১৫
Advertisement
যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ
প্রকাশ: ১২ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপে ধাওয়া-পালটাধাওয়া ও গোলাগুলির খবর পাওয়া গেছে। সোমবার উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরুনা এলাকায় এ সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ দিন আগে ব্যাটারিচালিত অটোরিকশাকে সাইট দেওয়া নিয়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলামের ভাই আমিন হোসেনের সঙ্গে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহতথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক বিল্লাল হোসেনের তর্কবিতর্ক হয়। ওই ঘটনায় বিল্লাল রূপগঞ্জ থানায় অভিযোগ করেন। পরে সোমবার বিষয়টি সমাধানে বরুনার স্থানীয়রা সালিশের আয়োজন করেন। সালিশে আমিনের পক্ষে তার ভাই রফিকুল ইসলাম এবং বিল্লাল লোকজন নিয়ে উপস্থিত হন। বিচার চলাকালীন দুই পক্ষ বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া-পালটাধাওয়া ও সংঘর্ষে লিপ্ত হন। এক পক্ষ আরেক পক্ষের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। তারা একে অপরকে লক্ষ্য করে গুলিবর্ষণও করেন। এতে অন্তত ১৫ জনের মতো আহত হয়েছেন। তাদের ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন বলেন, সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এনেছি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
