কালীগঞ্জে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট
Advertisement
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কালীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে কমেন্ট করায় দুই প্রবাসী ভাইয়ের বাড়িতে হামলা করে ভাঙচুর ও ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছে স্থানীয় সন্ত্রাসীরা।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের উত্তর খলাপাড়ার মৃত আব্দুল বাতেনের পুত্র ইসমাইল হোসেন সৌদী আরব ও ইব্রাহিম হোসেন সিঙ্গাপুর প্রবাসী। সম্প্রতি ইব্রাহিম হোসেন ছুটিতে দেশে এলে স্থানীয় সন্ত্রাসী মনির হোসেন তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। ৯ মে সকালে এক ব্যক্তির ফেসবুক আইডিতে মনির হোসেনের ছবিসহ অনৈতিক কার্যকলাপ তুলে ধরলে প্রবাসী ইব্রাহিমসহ আরও অনেকে পোস্টে কমেন্ট করেন। বিষয়টি জানতে পেরে দুপুর ২টার দিকে মনির হোসেন, তার স্ত্রী আমেনা, পুত্র আসিফ ও মাহবুর হোসেনসহ আরও ৪-৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে প্রবাসীর বাড়িতে হামলা করে। এ সময় সন্ত্রাসীরা বাড়ির মূল গেট ভাঙচুর এবং প্রবাসীর মা বৃদ্ধা লাইলি বেগমকে লাথি মেরে আহত করে। বাড়িতে থাকা কিছু জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়।
প্রবাসী ইব্রাহিম আত্মরক্ষায় সরকারি সেবা ৯৯৯ নম্বরে কল দিলে কালীগঞ্জ থানার এসআই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গেলে এলাকায় শান্তিতে থাকতে হলে ৫ লাখ টাকা চাঁদা দিতেই হবে বলে হুমকি দিয়ে সন্ত্রাসীরা চলে যায়। এ বিষয়ে প্রবাসী ইব্রাহিম ৯ মে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ ও ১২ মে একটি সাধারণ ডায়েরি করেছেন। এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি জাকির হোসেন বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখেছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য এসআই হাবিবুর রহমানকে নির্দেশ প্রদান করা হয়েছে।
