টাকা ধার না দেওয়ায় নারীকে কুপিয়ে হত্যা
স্বামী-ছেলে আহত
Advertisement
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নেত্রকোনায় একটি বহুতল ভবনের দ্বিতীয়তলায় ঢুকে মনোয়ারা বেগম নামে এক নারীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তকে বাধা দিলে ওই নারীর স্বামী ও ছেলেকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়।
স্থানীয়রা হামলাকারী যুবককে আটক করে পুলিশে দিয়েছে। তার নাম আবদুর রশিদ। সোমবার রাতে পৌরসভার উত্তর কাটলি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মনোয়ারা উত্তর কাটলি এলাকার বাসিন্দা ঠিকাদার আবু চানের স্ত্রী। আবদুর রশিদ একই এলাকার এরশাদ মিয়ার ছেলে। পেশায় ইজিবাইকচালক।
পুলিশ সূত্রে জানা গেছে, আবদুর রশিদ মাঝেমধ্যে মনোয়ারার কাছ থেকে টাকা ধার নিতেন। ওইদিন রাতেও মনোয়ারার বাসায় গিয়ে ৫ হাজার টাকা ধার চান। এ সময় মনোয়ারার স্বামী ও ছেলে-মেয়েরা বাইরে ছিলেন। মনোয়ারা টাকা দিতে অস্বীকৃতি জানালে রশিদ ক্ষিপ্ত হয়ে বঁটি দিয়ে তাকে গলা কেটে হত্যা করে। পরে লাশ খাটের নিচে রেখে দেয়। এ সময় মনোয়ারার ছোট ছেলে আবির হাসান বাসায় ঢুকে এ দৃশ্য দেখে ফেলে। তখন তাকেও এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। আবু চান ছেলেকে উদ্ধারে এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করে।
আহত বাবা-ছেলেকে নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে আবিরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার বলেন, আবদুর রশিদ নেশাগ্রস্ত বলে জানা গেছে। নেশার জন্য তিনি মনোয়ারার কাছে পাঁচ হাজার টাকা ধার চান। না দেওয়ায় তাকে হত্যা করেন। এর পেছনে আরও কিছু ঘটনা থাকতে পারে।
