জমি লিখে না দেওয়ায়
শ্রীনগরে প্রবাসীকে পেটাল পুত্রবধূ ও সন্তান
Advertisement
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শ্রীনগর উপজেলার কেয়টখালী গ্রামে জমি ও বাড়ি লিখে না দেওয়ায় প্রবাস ফেরত মজনু খালাসী (৫৫) নামক এক ব্যক্তিকে ঘরের ভেতর আটকে রেখে বেদম মারধর করেছে তার ছেলে, পুত্রবধূ ও নিজের স্ত্রী। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় প্রবাস ফেরত ওই ব্যক্তির ভাতিজা রবিন হোসেন তার চাচার পক্ষে বাদী হয়ে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। শুক্রবার সকালে শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের কেয়টখালী গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী প্রবাস ফেরত মজনু খালাসী জানায়, সে সিঙ্গাপুর ও সৌদি আরবে পর্যায়ক্রমে প্রায় ২৬ বছর প্রবাস জীবন কাটিয়ে ৬ মাস আগে দেশে আসেন। দেশে আসার পর ছেলে ইয়াসিন সাগরকে ১৫ লাখ টাকা ও স্ত্রী মুক্তা বেগমের কাছে প্রায় ২০ ভরি স্বর্ণালংকার বুঝিয়ে দেন। সম্প্রতি তার ছেলে ও স্ত্রী তার নামে থাকা ঢাকার বাড়ি এবং দেশের জমির লিখে দেওয়ার জন্য বিভিন্ন সময়ে চাপ সৃষ্টি করে। এতে সে রাজি না হওয়ায় শুক্রবার সকালে ছেলে ইয়াসিন সাগর, স্ত্রী মুক্তা বেগম ও পুত্রবধূ জেসমিনা আক্তার মিলে তাকে একটি রুমে আটকে রেখে, হাত-পা বেঁধে পিটিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে তার নাক মুখে আঘাত করে রক্তাক্ত জখম করে।
