ছাগলের ঘাস খাওয়া নিয়ে আশুলিয়ায় নারীকে খুন
সাভারে দুজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা
Advertisement
যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আশুলিয়ায় ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে রুপবান বেগম (৪৫) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় জড়িত আলিয়া সরকার পলাতক রয়েছে। এছাড়া সাভারে দুইজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।
শনিবার আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম রুপবান হত্যার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, শুক্রবার দুপুরে রাজধানীর পঙ্গু হাসপাতালে তাকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়। শনিবার চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান।
নিহত রূপবান আশুলিয়ার তাজপুর এলাকার জয়নাল সরকারের স্ত্রী এবং অভিযুক্ত আলিয়া সরকার ওই এলাকার মৃত সুলতান সরকারের ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে রুপবানের একটি ছাগল আলিয়ার উঠানে ঘাস খেতে যায়। এ সময় আলিয়া ছাগলটিকে কুপিয়ে হত্যা করে। পরে ছাগলের বিষয়ে জানতে আলিয়ার কাছে যায় রুপবান। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে আলিয়া তার হাতে থাকা ধাড়ালো ‘দা’ দিয়ে রুপবানের শরীরে কয়েকটি কোপ দিয়ে পালিয়ে যায়। রুপবানের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে মারা যান তিনি।
এ বিষয়ে জানতে আশুলিয়ার জামগড়া পুলিশ ফাঁড়ির এসআই আবু তালিবের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে আসামি আলিয়া পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এদিকে সাভারের বিরুলিয়ায় শনিবার বিকালে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এলাকাবাসী ঘাতককে আটক করে পুলিশে ধরিয়ে দেয়। এ ঘটনায় ঘাতক গ্রেফতার হলেও নিহতের পরিচয় পাওয়া যায়নি। এছাড়া সাভারের কলমার ঢাল এলাকা থেকে শনিবার রাতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানায় সাভার মডেল থানার ওসি (তদন্ত) নুর মোহাম্মদ।
