লুডু খেলা নিয়ে বন্ধুর রডের আঘাতে যুবক নিহত
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর গেন্ডারিয়ার দয়াগঞ্জে একটি নির্মাণাধীন ভবনে মোবাইল ফোনে গেম খেলাকে কেন্দ্র করে বন্ধুর রডের আঘাতে আব্দুল মান্নান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার বিকালে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
নিহতের বোন চায়না বেগম জানান, আমার ভাই দয়াগঞ্জে মোড়ে একটি নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রির কাজ করতেন। দুপুরের দিকে মোবাইলে রাজন, দেলু, মহসিন ও আমার ভাই মান্নান লুডু খেলছিল। এই লুডু খেলাকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে রাজন আমার ভাইয়ের বাম পায়ের উরুর উপরে রড ঢুকিয়ে দেয়। আমরা খবর পেয়ে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।
মান্নানের বাড়ি বরগুনা সদর জেলায়। তার বাবার নাম আব্দুল হাই। বর্তমানে তিনি গেন্ডারিয়ার নামাপাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
