উপসচিবের বাসায় ‘মব’ সৃষ্টির অভিযোগ
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১২ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর মোহাম্মদপুরে জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মাসুদা বেগমের বাসায় ‘মব’ সৃষ্টি, ড্রাইভার ও সিকিউরিটি গার্ডদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোডস্থ ১৩/১ কর্ণফুলী সরকারি কোয়ার্টারে এ ঘটনা ঘটে। ঘটনায় পর থানায় লিখিত অভিযোগ করেন উপসচিবের গাড়িচালক আমীর হোসেন।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপসচিব মাসুদা বেগমের বোনকে গাড়িতে নিয়ে বাসায় ফিরছিলেন গাড়িচালক আমীর হোসেন। বাসায় যাওয়ার ঠিক আগ মুহূর্তে উলটোপথে প্রবেশ করেন তিনি। এ সময় বাঁধা দেয় স্থানীয় সোসাইটি সিকিউরিটি গার্ডের সদস্যরা। তবে বাধা উপেক্ষা করে বাসায় প্রবেশ করেন তিনি। বিষয়টি নিয়ে গার্ডদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন তিনি। কেন তাকে বাধা দেওয়া হয়েছে-তা নিয়ে ক্ষিপ্ত হয়ে গার্ডের ওপর আক্রমণ করেন তিনি। পরে গার্ড সদস্যরা লোকজন নিয়ে ড্রাইভার আমীর হোসেন এবং বাসার সিকিউরিটিদের ওপর আক্রমণ করেন।
উপসচিব মাসুদা বেগম যুগান্তরকে বলেন, যে ঘটনা ঘটেছে তাতে আমার ড্রাইভার ও সোসাইটির গার্ড দুজনেরই দোষ আছে। এ ঘটনা এখানে শেষ হতো পারত। কিন্তু আশপাশের ১৫-২০ জন লোক লাঠি নিয়ে আমার বাসায় প্রবেশ করেছে। আমার ড্রাইভার ও সিকিউরিটি গার্ডদের মারধর করেছে। মূলত তারা ১৫-২০ জন লোক আমার বাসায় ‘মব’ সৃষ্টি করতে প্রবেশ করেছিল। নইলে কেন বাইরের মানুষ বাসায় প্রবেশ করবে। মবের সময় আমার মা পড়ে গিয়ে ব্যথা পেয়েছেন। ঘটনার সময় গাড়িতে আঘাত করেছে। অথচ গাড়িতে আমার বোন ছিল। তার ক্ষতি হতে পারত।
মোহাম্মদপুর থানার ওসি মো. মেজবাহ উদ্দীন যুগান্তরকে বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। কোনো ধরনের মব তৈরি হয়নি। তবে তিনি (উপসচিব) যেহেতু মবের অভিযোগ করেছেন; মব হয়েছে কি না-বিষয়টি আমরা তদন্ত করে দেখব।
