বনানীতে ট্রেনে ছুরিকাঘাতে শিক্ষার্থী আহত
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২১ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর বনানীতে চলন্ত ট্রেনে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তোফায়েল ইসলাম নামে এক কলেজ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকাল পৌনে ৩টার দিকে বনানী রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। আহত তোফায়েল ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার অনন্তপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া আলহাজ শাহ আলম ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
আহতের পারিবারিক সূত্র জানায়, শুক্রবার তোফায়েল ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার হাজারীবাগে এক আত্মীয়ের বাসায় বেড়াতে আসেন। শনিবার বিকালে তিনি গ্রামে ফেরার উদ্দেশে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে ওঠেন।
ট্রেন বনানী এলাকা পার হওয়ার সময় ৪-৫ জন ছিনতাইকারী যুবক ট্রেনের ভেতরে তোফায়েলকে ঘিরে ধরে। তারা জোরপূর্বক তার মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা তার পিঠে ছুরিকাঘাত করে। পরে ট্রেনটি ক্যান্টনমেন্ট ক্রসিং এলাকায় গতি কমালে ছিনতাইকারীরা কিছু না নিয়ে লাফিয়ে নেমে পালিয়ে যায়।
পরবর্তীতে মাহবুব নামের এক পথচারী তোফায়েলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই শিক্ষার্থীর ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
