পরিবারের দাবি হত্যা
দোহারে স্বামীর বাড়িতে গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য
Advertisement
যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভালোবাসার টানে পরিবারের অমতে ঘর বেঁধেছিলেন ১৮ বছরের তরুণী আলেয়া আক্তার। কিন্তু সেই ভালোবাসাই যে তার জীবনের কাল হবে, তা কে জানত! মাত্র দুই বছরের মাথায় কোল আলো করে আসা দেড় বছরের কন্যা সন্তানকে রেখে এ পৃথিবী থেকে বিদায় নিতে হলো তাকে। শনিবার বিকালে আলেয়ার নিথর দেহ শ্বশুর বাড়ির লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আলেয়া ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের মধুরচর এলাকার শেখ হালিমের মেয়ে।
স্বজনদের অভিযোগ, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, বরং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তসহ উপযুক্ত বিচার দাবি করেন তারা।
স্বজনরা জানান, আলেয়ার স্বামী মধুরচর এলাকার মাসুম বেপারী মাদকাসক্ত। বিয়ের কিছু দিন পর থেকেই নেশা করে আলেয়ার ওপর চালাত অমানুষিক নির্যাতন। নির্যাতন সহ্য করতে না পেরে একাধিকবার বাবার বাড়ি চলে গেলেও, সর্বশেষ সন্তানের মুখের দিকে তাকিয়ে মাত্র তিন দিন আগেই স্বামীর ঘরে ফিরেছিলেন আলেয়া। আর সেটাই হলো তার শেষ ফেরা। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন স্বামী মাসুম।
এদিকে নিহতের শাশুড়ি মাকসুদা বেগম একে আত্মহত্যা বলে দাবি করলেও, কীভাবে বা কেন আত্মহত্যা করেছে তার কোনো সদুত্তর দিতে পারেননি।
দোহার থানার ওসি মো. আবু বকর সিদ্দিক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেলে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে সত্য ঘটনা জানা যাবে।
