ফিফা বিশ্বকাপ
ফাইনাল ম্যাচ দেখতে ব্যারিকেড ভেঙে ঢাবি ক্যাম্পাসে বহিরাগতরা
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে রোববার ব্যারিকেড ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ঢুকে পড়ে বহিরাগতরা। রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানান, বহিরাগতদের সংখ্যা প্রচুর হওয়ায় সংঘবদ্ধভাবে তারা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে পড়ে।
জানা যায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্যরা শাহবাগ, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড ও নীলক্ষেতের প্রবেশমুখে ব্যারিকেড স্থাপন করেন। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে প্রবেশমুখে বাড়ে মানুষের চাপ। অতিরিক্ত ভিড়ের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তার স্বার্থে ১৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ছাড়া ক্যাম্পাসে অন্যদের প্রবেশ নিষেধ। নির্দেশনায় শুধু বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন ও জরুরি সেবার যানবাহন ক্যাম্পাসে প্রবেশের অনুমতি পাবে বলে উল্লেখ করা হয়। তবে অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যান, সাংবাদিক, রাইড শেয়ারিং, খাবার সরবরাহকারী, অনলাইন শপিং এবং সরকারি যানবাহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখা হয়।
