দুই হাতে জোড়া পিস্তল উঁচিয়ে পুলিশকে গুলি
Advertisement
যুগান্তর প্রতিবেদন, সাভার
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার আশুলিয়ায় এক জিম্মি উদ্ধারে অভিযান চালাতে গিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে আশুলিয়ার ব্যস্ততম জামগড়া এলাকার শরীফ মার্কেটের পঞ্চম তলায় ঘটনাটি ঘটে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ‘শুটার বাপ্পী’ নামে এক চিহ্নিত সন্ত্রাসী দুই হাতে জোড়া পিস্তল উঁচিয়ে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। পুলিশও আত্মরক্ষার্থে পালটা গুলি চালালে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরীফ মার্কেটের পঞ্চম তলার একটি গোপন আস্তানায় স্থানীয় ব্যবসায়ী শরীফ চৌধুরীর ব্যবস্থাপককে কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী জিম্মি করে রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানা ও জামগড়া পুলিশ ফাঁড়ির একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশ সদস্যরা ভবনের পঞ্চম তলায় পৌঁছানো মাত্রই সন্ত্রাসীরা তাদের উপস্থিতি টের পায়। এ সময় সন্ত্রাসী শুটার বাপ্পী ফিল্মি কায়দায় দুটি পিস্তল বের করে পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি শুরু করে। আকস্মিক গোলাগুলির ঘটনায় চত্বরজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সেই সুযোগে তাণ্ডব চালাতে চালাতে বাপ্পী ও তার সহযোগীরা পালিয়ে যায়।
জামগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাশেদুজ্জামান বলেন, জীবনরক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরাও পালটা ৪-৫ রাউন্ড গুলি ছুড়তে বাধ্য হই।
জানা যায়, গোলাগুলির ঘটনায় পুলিশের কোনো সদস্য হতাহত না হলেও শিল্পাঞ্চলজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ভয় ও আতঙ্কে স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাট গুটিয়ে ফেলেন। ঘটনাস্থল তল্লাশি করে পুলিশ সন্ত্রাসীদের ছোড়া প্রায় ৭-৮ রাউন্ড তাজা গুলির খালি খোসা উদ্ধার করে।
পুলিশ জানায়, ‘শুটার বাপ্পী’ আশুলিয়া ও সাভার অঞ্চলের ত্রাস। তার বিরুদ্ধে চাঁদা আদায়, জিম্মি বাণিজ্য ও অবৈধ অস্ত্রের মহড়াসহ একাধিক মামলা রয়েছে।
আশুলিয়া থানা পুলিশ জানায়, জিম্মিদশা থেকে ভুক্তভোগী ব্যবস্থাপককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। হামলায় জড়িত মূল হোতা শুটার বাপ্পী ও তার সহযোগীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে আশুলিয়ার বিভিন্ন পয়েন্টে চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।
