শেকৃবিতে আনসার সদস্যকে মারধর, ছাত্রদল নেতা বহিষ্কার
Advertisement
শেকৃবি প্রতিনিধি
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) প্রধান ফটকে এক আনসার সদস্যকে মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা জিল্লুর রহমানকে সংগঠন থেকে বহিষ্কার করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। বৃহস্পতিবার ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতির পদমর্যাদা) জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা জিল্লুর রহমানকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
এর আগে ২১ জুলাই দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে প্রবেশের সময় দায়িত্বরত আনসার সদস্য জিল্লুর রহমানের কাছে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র (আইডি কার্ড) দেখতে চান। এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে জিল্লুর রহমান আনসার সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করেন। এ ঘটনায় ক্যাম্পাসে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
