হকার্স সমিতিতে ফাঁকা গুলি হামলায় আহত ৩
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর মতিঝিলে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, ফাঁকা গুলি ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে দৈনিক বাংলা মোড়ে অবস্থিত সমিতির কার্যালয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, কার্যালয়ে বিভিন্ন সংবাদপত্রের প্রতিনিধিদের সঙ্গে পত্রিকা বিক্রির অর্থের হিসাব-নিকাশ চলছিল। এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী ওলামা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুমিনুল ইসলামের নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জনের একটি দল সেখানে প্রবেশ করে। তারা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ উঠেছে। হামলার সময় বাধা দিতে গেলে কার্যালয়ের থাকা তিনজন আহত হন। হামলায় ঢাকা ট্রিবিউনের প্রতিনিধি জাহাঙ্গীর, নয়া দিগন্তের প্রতিনিধি আমজাদ এবং মাসুদ আহত হন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্র জানায়, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির কার্যালয়ের নিয়ন্ত্রণ ইউসুফ ও সরোয়ার গ্রুপের হাতে রয়েছে। শুক্রবারের হামলার পেছনে কার্যালয়ের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জের রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
