তিতুমীর কলেজ
ছাত্রশক্তি নেতাদের ওপর ছাত্রদলের হামলা
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর সরকারি তিতুমীর কলেজে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ উঠেছে। বুধবার বেলা ১১টায় কলেজ অডিটোরিয়ামে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এতে ছাত্রশক্তি তিতুমীর কলেজ সংসদের আহ্বায়ক সাখাওয়াত হোসেন ও সদস্য সচিব আল নোমান নীরবসহ কয়েকজন নেতাকর্মী আহত হন। আহত দুই নেতাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে এদিন সন্ধ্যা পর্যন্ত পুলিশের কাছে কোনো অভিযোগ করেনি ভুক্তভোগীরা।
সাখাওয়াত হোসেন যুগান্তরকে বলেন, জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে অংশ নিতে আমরা ক্যাম্পাসে গিয়েছিলাম। কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। আমি ও নোমান নীরবসহ আমাদের একাধিক নেতাকর্মী আহত হয়েছেন। দেশীয় অস্ত্র দিয়ে আমাদের মারধর করা হয়েছে। আমার চোখেও আঘাত করা হয়েছে। এ সময় কয়েকজন সাংবাদিকও হামলার শিকার হয়েছেন।
নোমান নীরব বলেন, কোনো ধরনের উসকানি ছাড়াই ছাত্রদলের নেতাকর্মীরা অডিটোরিয়ামে ঢুকে আমাদের ওপর হামলা চালায়। এ সময় কয়েকজন সাংবাদিকের মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে।
তবে অভিযোগ অস্বীকার করে তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক মন্তব্যের জেরে দুপক্ষের মধ্যে বাগ্বিতাণ্ডা হয়েছে। পরে ওরা ক্যাম্পাস থেকে চলে গেছে।
