বন্দরে নদী থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার
আড়াই মাস পর জানা গেল মৃত্যুর প্রকৃত কারণ
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধারের প্রায় আড়াই মাস (দুই মাস ১০ দিন) পর জানা গেছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। হত্যার পর দুর্বৃত্তরা লাশ গুম করার উদ্দেশে নদীতে ফেলে দেয়। তবে দীর্ঘ সময় পার হলেও এখন পর্যন্ত নিহত যুবকের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। পুলিশ জানায়, ৩১ মে বন্দরের নবীগঞ্জ এলাকার ‘নারায়ণগঞ্জ শিপ বিল্ডার্স’ সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে একটি ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে সদর নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সফিউল আলম ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায়। এসআই মো. সফিউল আলম জানান, তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় না পেয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পরদিন পাঠানটুলী কবরস্থানে বেওয়ারিশ হিসাবে লাশ দাফন করা হয়। এ ঘটনায় প্রাথমিক অবস্থায় বন্দর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়। ঘটনার প্রায় আড়াই মাস পর সিভিল সার্জনের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন হাতে আসে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ওই যুবককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। থানার ওসি জামালউদ্দিন জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর অপমৃত্যু মামলাটিকে হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
