বাংলাদেশে ঢুকে বিএসএফের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
বিজিবির প্রতিবাদ
Advertisement
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে স্থানীয় পাথর শ্রমিকদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিএসএফ সদস্যরা সীমান্তের বাংলাদেশ অংশে অবৈধভাবে প্রবেশ করে বাংলাদেশিদের ওপর চড়াও হন। এ সময় স্থানীয় লোকজন দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া দিলে তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সটকে পড়েন।
শনিবার বিকালে উপজেলার বুড়িমারী ইউনিয়ন সীমান্তের পশ্চিম বামনদল গ্রামের ওপারে ভারতের মেকলিগঞ্জ মহকুমা সদরের বিএসবাড়ী সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয়রা জানান, বিকালের দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের পশ্চিম বামনদল গ্রাম সীমান্তের সানিয়াজান নদীর শূন্যরেখা বরাবর অংশে বাংলাদেশি কয়েকজন শ্রমিক সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন করতে যান। এ সময় ভারতের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের বিএসবাড়ী ক্যাম্পের টহল দলের কয়েকজন সদস্য নদীতে পাথর উত্তোলনরত শ্রমিকদের বাধা দেন। পরে তাদের ওপর চড়াও হয়ে ধাওয়া করেন। এ সময় শ্রমিকরা পালিয়ে বাংলাদেশ অংশে চলে আসেন। বিএসএফ সদস্যরাও তাদের সঙ্গে বাংলাদেশ অংশে অবৈধভাবে প্রবেশ করেন। এ সময় শ্রমিকদের চিৎকারে এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে বিএসএফ সদস্যদের প্রতিরোধ করেন। এতে বিএসএফ সদস্য ও স্থানীয়দের মধ্যে ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে বিএসএফ সদস্যরা একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে দ্রুত নদী পার হয়ে ভারতের অভ্যন্তরে চলে যান। এতে কেউ হতাহত না হলেও এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
এ ঘটনা জানার পরপরই রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী স্থলবন্দর কোম্পানি সদর ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে যান। সন্ধ্যায় ওই সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে সংক্ষিপ্ত পতাকা বৈঠক হয়। বৈঠকে বিএসএফ সদস্যের সীমান্ত অতিক্রম ও গ্রেনেড নিক্ষেপের প্রতিবাদ জানায় বিজিবি। এ সময় বিএসএফ সীমান্ত অতিক্রম এবং গ্রেনেড নিক্ষেপের ঘটনা অস্বীকার করে।
বিজিবি রংপুর ৬১ ব্যাটালিয়ন (তিস্তা-২)-এর সহকারী পরিচালক কারিমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রটেস্ট নোট (প্রতিবাদপত্র) দিয়েছি।
