ইউপি নির্বাচন ঘিরে দুই সম্ভাব্য প্রার্থীর দ্বন্দ্ব
রূপগঞ্জে সাবেক সেনা কর্মকর্তার বাড়িতে হামলা ভাঙচুর
যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা না করলেও রূপগঞ্জে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই প্রার্থীর মধ্যে সংঘর্ষ ও বাড়িঘরে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় সাবেক সেনা কর্মকর্তাসহ দুজন আহত হয়েছেন। ওই সেনা কর্মকর্তার স্ত্রী মুক্তা আক্তার অভিযোগ করে বলেন, ‘আমার স্বামী রাইসুল মিল্কি একজন অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জন। আসন্ন গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ড সদস্য হিসাবে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। ইতোমধ্যে তিনি প্রচার-প্রচারণাও চালাচ্ছেন। এদিকে একই ওয়ার্ডের প্রার্থী হিসাবে ঘোষণা দিয়ে এলাকায় ব্যানার-ফেস্টুন টানিয়ে প্রচারণা চালাচ্ছেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন। আর দুজনই বিএনপি নেতা। এ দুজনের মধ্যে ইউপির সদস্য প্রার্থিতা নিয়ে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। শুক্রবার সন্ধ্যায় ভুলতা এলাকায় বিএনপির শোভাযাত্রা অনুষ্ঠান শেষে গোলাকান্দাইল এলাকায় আলমগীর হোসেনসহ তার লোকজন আমার স্বামী রাইসুল মিল্কি ও মিলন ভূঁইয়াকে রাস্তায় পেয়ে মারধর করেন। পরে রাতে আলমগীর হোসেনের নির্দেশে তার সমর্থিত লোকজন লাঠিসোঁটা নিয়ে আমাদের বাড়িতে হামলা চালিয়ে দরজা-জানালা, আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করে। এ সময় ঘরে থাকা নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।’ এ বিষয়ে অভিযুক্ত আলমগীর হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এ ঘটনার ব্যাপারে আমি কিছুই জানি না।’
