ঢামেক হাসপাতালে লাশ ফেলে পালাল দুই ব্যক্তি
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় ফেলে পালিয়ে গেছে দুই ব্যক্তি। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, ভিকটিমের নাম সবুজ মল্লিক। তার গ্রামের বাড়ি জামালপুর সদর উপজেলায়। তিনি ধামরাইয়ের একটি সিরামিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ছিলেন। পরিবারের সঙ্গে সাভার এলাকায় থাকতেন। হাসপাতাল কর্তৃপক্ষ তার প্যান্টের পকেটে থাকা কাগজপত্র থেকে এসব তথ্য জানতে পারে।
হাসপাতালের ট্রলিম্যান পারভেজ মোশারফ জানান, দুই ব্যক্তি অচেতন অবস্থায় সবুজকে ট্রলিতে করে জরুরি বিভাগে নিয়ে আসে। পরে তারা টিকিট আনার কথা বলে কৌশলে পালিয়ে যায়। এরপর চিকিৎসকের কাছে নেওয়া হলে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, সবুজের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন নেই। তিনি কিভাবে মারা গেছেন ময়নাতদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে। বিষয়টি শাহবাগ থানাকে জানানো হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে পালিয়ে যাওয়া দুই ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে। সবুজের ছেলে তামিম জানান, তিনি কিভাবে ঢাকায় এলেন এবং কারা তার বাবাকে হাসপাতালে রেখে গেছে, এসব বিষয়ে কিছুই জানেন না স্বজনরা।
