ডেঙ্গুতে আরও চার মৃত্যু হাসপাতালে ভর্তি ১৩০০
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেশে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে চারজনের মৃত্যু হয়েছে। এ সময় এ রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩০০ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে একজনের মৃত্যুর তথ্য জানানো হয়। আর যুগান্তরের ময়মনসিংহ ব্যুরোর পাঠানো তথ্যানুযায়ী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ১৪১ জন, চট্টগ্রামে ৩১৮, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৪৩, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৫, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৬, খুলনায় ২৭৪, ময়মনসিংহে ৬৯, রংপুরে ৮০ এবং সিলেটে ৪ জন ভর্তি হয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৯৫ হাজার ৪৫১ জন। এ বছরে মোট মৃত্যু হয়েছে ২৯৫ জনের।
জামায়াতের সচেতনতা কর্মসূচি : দেশব্যাপী ডেঙ্গু সচেতনতা কর্মসূচির অংশ হিসাবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫ নম্বর ওয়ার্ডে ক্যাম্পেইন ও মশকনিধন সচেতনতা কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী পল্লবী থানা। মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের নির্দেশনায় এদিন পলাশনগর আবাসিক এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করীম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য নাসির উদ্দিন। সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এদিন পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নামেন ঢাকা-৪ আসনের সংসদ-সদস্য ও জামায়াতের মজলিশে শূরা সদস্য সৈয়দ জয়নুল আবেদীন।
