সরকার বলপ্রয়োগে শ্রমিক আন্দোলন থামাতে চায়: নাহিদ ইসলাম
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, চলমান পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর আন্দোলন ন্যায্য ও যৌক্তিক। সরকার ভুলভাবে এই আন্দোলন মোকাবিলা করায় দেশের পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। শ্রমিকদের দাবির প্রতি কান না দিয়ে সরকার বলপ্রয়োগের মাধ্যমে আন্দোলন থামানোর চেষ্টা করছে।
গাজীপুরে নিহত শ্রমিক তৌফিক হোসেনের গায়েবানা জানাজায় উপস্থিত এনসিপির নেতাকর্মীদের ওপর হামলায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে বুধবার তিনি এসব কথা বলেন। গাজীপুরে জাতীয় শ্রমিক শক্তি ওই জানাজা আয়োজন করে। নাহিদ ইসলাম বলেন, আন্দোলন শুরু হয়েছে আরও এক-দুই সপ্তাহ আগে। এক সপ্তাহ পর মজুরি বোর্ড গঠন করা হলেও পরবর্তী তিন দিনেও কোনো সভা করেনি বোর্ড। পরিস্থিতি বিবেচনায় নিয়ে বুধবার প্রথম সভা করা হয়েছে। এর মধ্য দিয়ে সরকারের অবহেলার বিষয়টি স্পষ্ট হয়েছে।
তিনি অভিযোগ করেন, এই আন্দোলনে সহিংসতা শুরু করেছে বিএনপি নিজেই। শ্রমিকদের ওপর রাষ্ট্রীয় সহিংসতা চালানো হয়েছে। সরকারদলীয় সহিংসতা ও নিপীড়নও অব্যাহত রয়েছে। বিএনপির লোকজনকে হকিস্টিক ও স্টাম্প হাতে রাস্তায় দেখা গেছে। তারা শ্রমিকদের পেটানোর জন্য রাস্তায় নেমেছেন। বিএনপি বা এসব লোককে হকিস্টিক হাতে মাঠে নামার দায়িত্ব কে দিয়েছে। স্পষ্টতই দলীয়ভাবে সন্ত্রাসী বাহিনী নামিয়ে শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণ ও দমনের চেষ্টা করা হচ্ছে। নাহিদ ইসলাম বলেন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকেও শ্রমিকদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। শ্রমিক কলোনিগুলোতে গিয়ে তাদের খুঁজে খুঁজে ধরা হচ্ছে। তিনি বলেন, পোশাকশ্রমিক তৌফিককে হত্যা করা হয়েছে। তার গায়েবানা জানাজায় পুলিশ, বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনী ন্যক্কারজনকভাবে হামলা করেছে। গুলি চালানো হয়েছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। এতে জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়কসহ নারী-পুরুষ মিলিয়ে প্রায় ১৭ জন আহত হয়েছেন। নাহিদ ইসলাম অভিযোগ করেন, আন্দোলন দমনের ক্ষেত্রে বিএনপির লোকজন আওয়ামী লীগকে প্রশ্রয় দিয়েছে। বিচারের প্রশ্নে বিএনপি আপস করেছে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে যে জাতীয় ঐকমত্য ছিল তা ভঙ্গ করেছে। এই পরিস্থিতির সম্পূর্ণ দায়ভার সরকার ও বিএনপিকেই নিতে হবে।
