পল্লবীতে বাসে আগুন
সেতু ভবন ও সাভারে ককটেল বিস্ফোরণ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর মহাখালী চেয়ারম্যান বাড়ী এলাকায় সেতু ভবনের সামনে ও সাভারের আশপাশে বিভিন্ন স্থানে অন্তত ৩টি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শনিবার রাতের এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে, রাজধানীর মিরপুরে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত ১০টার দিকে পল্লবী মেট্রো স্টেশনের নিচে এ ঘটনার পর বাসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
বনানী থানার ওসি মো. সালাউদ্দিন বলেন, ‘সেতু ভবন লক্ষ্য করে হাতে তৈরি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ভবনের একটি কাচ ভেঙেছে। এছাড়া আর কোনো ক্ষয়ক্ষতি নেই। দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার কাজ চলছে।’
পুলিশ সূত্রে জানা গেছে, সাভার গেন্ডা বাসস্ট্যান্ডে রাতে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এরপর উপজেলা চত্বরে আরও দুটি বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি জেনেছেন। পুলিশ এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করছে। এলাকাবাসী ও দোকান মালিকরা জানান, মোটরসাইকেল আরোহী দুজন ককটেলটি নিক্ষেপ করতে পারে। তবে তাদের শনাক্ত করা যায়নি। গেন্ডা বাসস্ট্যান্ডে একটি বিস্ফোরণের পর তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আজ রোববার প্রধানমন্ত্রী সাভার বিপিএটিসিতে আসবেন। এর মধ্যেই এসব ঘটনা নিয়ে পুলিশ প্রশাসন উদ্বিগ্ন।
সাভার উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম রাত ১১টায় যুগান্তরকে জানান, সন্ধ্যার পর থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত তিনটি বিস্ফোরণের সংবাদ পেয়েছি। পুলিশ বিষয়টি জানে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চালাচ্ছে। তবে রাত সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি। এদিকে পল্লবী থানার ওসি জালাল উদ্দিন যুগান্তরকে বলেন, শনিবার রাত ১০টার দিকে মিরপুর-১২ নম্বরে পল্লবী মেট্রো স্টেশনের নিচে সড়কের পাশে বাসটি দাঁড় করানো ছিল। দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে জানালা দিয়ে বাসের ভেতরে পেট্রোল ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়। সঙ্গে সঙ্গে আগুন নেভানো হয়েছে। কেউ হতাহত হয়নি। বাসের দুটি আসন পুড়ে গেছে। এ সময় বাসে কোনো যাত্রী ছিল না।
