বিদায় আকাশি নীল-সাদা
Advertisement
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আকাশি নীল-সাদা জার্সি গায়ে আর্জেন্টিনাকে তিনি সবই দিয়েছেন নিজেকে নিংড়ে দিয়ে। দেশকে তুলেছেন ফুটবলবিশ্বের চূড়ায়। লিওনেল মেসি নামের মহাকাব্যের প্রথম অধ্যায় রচিত হয়েছিল আর্জেন্টিনার ছোট্ট শহর রোজারিওতে। রাজধানী বুয়েনস এইরেসে আজ ভোরে হয়ে যাওয়া মেসির বিদায়ি আন্তর্জাতিক ম্যাচের আগে মহানায়ককে আলাদাভাবে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে তার জন্মশহর রোজারিও। সেখানে জাতীয় পতাকা স্মৃতিসৌধে
মেসির বিশাল আকারের একটি ১০ নম্বর জার্সি প্রদর্শন করা হয়।
স্মৃতিসৌধের পাদদেশে রাখা হয় ৩০ মিটার দীর্ঘ ওই জার্সি। ১০ নম্বর ও এর ওপরে গ্রাসিয়াস, অর্থাৎ ‘ধন্যবাদ’ লেখা হয়েছে সোনালি রঙে। দ্রুত ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ে সেই জার্সির ছবি ও ভিডিও।
জার্সিতে কোনো নাম নেই। তবে এটা যে মহানায়ক মেসির প্রতি শ্রদ্ধাঞ্জলি তা বুঝতে অসুবিধা হয়নি কারও। গত দেড় দশকের বেশি সময় ধরে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি ও মেসি তো সমার্থক।
আফ্রিকার দেশ বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে আজ ভোরে শেষবার বিখ্যাত এই জার্সি পরে নামেন মেসি। ম্যাচের আগে আয়োজনের ঘনঘটা ছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের। ম্যাচ শেষে মেসিকে দেওয়ার কথা একটি সম্মাননা স্মারক। স্টেডিয়ামের বড় পর্দায় দেখানো হয় একটি আবেগঘন ভিডিও। এর আগে জাতীয় দলের হয়ে শেষবার অনুশীলন সেশনে অংশ নেন মেসি। অনুশীলনের বেশকিছু ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে ছোট্ট একটা বার্তায় তিনি লেখেন, ‘বিশেষ এই মুহূর্তগুলো আমি মিস করব।’
