মেসির গল্প কার্টুনে
Advertisement
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশে আজ যখন সকাল ৭টা, আর্জেন্টিনার বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে তখন মঙ্গলবার রাত ১০টা। যে রাতে একটি অধ্যায়ের সমাপ্তি হয়। ২১ বছরের মহাকাব্যের পরিসমাপ্তি ঘটে ৮৫ হাজার আর্জেন্টাইনের চোখের সামনে। আবেগে উদ্বেল সমর্থকরা ‘আদিওস’ (স্প্যানিশ ভাষায় বিদায়) জানিয়েছে নিশ্চয় তাদের ফুটবল বরপুত্রকে। যার বাঁ পায়ের কারুকাজে, কৌলীন্যে ফুটবলের আঙিনায় যুঁথির সুরভি ছড়িয়েছে আর্জেন্টিনা। এতক্ষণে হয়তো আপনার দেখা হয়ে গেছে, আকাশি নীল-সাদা জার্সিতে লিজেন্ড মাঠ ছেড়েছেন শেষবারের মতো। দূর আকাশ থেকে হয়তো দিয়েগো ম্যারাডোনা তার যোগ্য উত্তরসূরিকে কুর্নিশ জানিয়েছেন-তোমার গল্প শেষ হওয়ার নয়। কিংবদন্তিদের গল্প শেষ হয় না। হ্যাঁ, আর্জেন্টিনার জার্সিতে মেসিকে আর মাঠে দেখা যাবে না। তবে মেসির কীর্তি মহাকাব্য হয়ে প্রজন্মের পর প্রজন্মকে উদ্বেল করবে। অনুপ্রেরণার আলোয় উদ্ভাসিত করবে।
আর মেসি কী করবেন? ক্লাব ফুটবল চালিয়ে যাবেন। তবে বড় চমক হলো, ডিজনির কার্টুনচিত্র ‘মেসি অ্যান্ড দ্য জায়ান্টস’-এ আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক আবির্ভূত হবেন ভিন্নরূপে। কার্টুনচিত্রের গল্প আবর্তিত হয়েছে মেসির খেলোয়াড়ি জীবন কেন্দ্র করে। কার্টুনচিত্রের কেন্দ্রে ‘লিও’ নামের এক ১২ বছর বয়সি কিশোর, যার ভালোবাসার পৃথিবী দুটি-মেসি এবং ফুটবল। সেই কিশোর আটকা পড়ে দৈত্যে ভরা এক পৃথিবীতে। ফুটবলে নিজের দক্ষতার বদৌলতে অসাধারণ এক রোমাঞ্চের পথ পেরিয়ে কীভাবে সেই কিশোর ঘরে ফেরে, ‘মেসি অ্যান্ড দ্য জায়ান্টস’-এ সেই গল্পই বলা হয়েছে।
মেসি যখন আর্জেন্টিনার সঙ্গে ভ্রমণ শেষ করলেন, তখন তার ‘চরিত্র’ প্রবেশ করল এক নতুন পৃথিবীতে। এই গ্রহের কোটি কোটি ভক্ত যার নৈপুণ্যভাস্বর ফুটবলশৈলীতে আপ্লুত, আবেগমথিত হয়েছেন, সেই কিংবদন্তি ফুটবলারের গল্প অনূদিত হবে নতুন প্রজন্মের ভক্তদের মাঝে।
