আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আইসিইউতে
Advertisement
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
যার হাত ধরে আবাহনীর পথচলার শুরু, যার জীবনের দীর্ঘ অধ্যায় জুড়ে রয়েছে বাংলাদেশের ফুটবলের উত্থান-পতনের গল্প, সেই হারুনুর রশিদ আজ হাসপাতালের আইসিইউতে। আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দেশের বর্ষীয়ান এই ক্রীড়া সংগঠক রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন। তার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসী, ক্রীড়াঙ্গনের মানুষ, শুভানুধ্যায়ী ও আবাহনীর সমর্থকদের কাছে দোয়া চেয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
১৯৪৯ সালের ৩১ জানুয়ারি লক্ষ্মীপুরে জন্ম নেওয়া হারুনুর রশিদের জীবনের বড় অংশই কেটেছে ফুটবলের সঙ্গে। স্বাধীনতার পর আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসাবে ক্লাবটির ভিত গড়েছেন, পরে পরিচালক হিসাবেও দায়িত্ব পালন করেছেন। বাফুফের সাধারণ সম্পাদক ছিলেন পাঁচবার। একাধিকবার ছিলেন নির্বাহী কমিটির সদস্য, দায়িত্ব পালন করেছেন ঢাকা মহানগর ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান হিসাবেও। দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক ফুটবল প্রশাসনেও রেখেছেন পরিচয়ের স্বাক্ষর। ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত এএফসির নির্বাহী কমিটির সদস্য ছিলেন, দায়িত্ব পালন করেছেন ফিফার মিডিয়া কমিটিতেও। পেয়েছেন এএফসির গোল্ডেন অ্যাওয়ার্ড ও জাতীয় ক্রীড়া পুরস্কার। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতিও ছিলেন। ২০২৩ সালে পান বিএসপিএ’র প্রথম কায়সার সিনহা সংগঠক পুরস্কার। ১৯৯৬ সালে লক্ষ্মীপুরের রায়পুর থেকে সংসদ-সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরিবার জানিয়েছে, অসুস্থতার কারণে ফোন ধরতে বা বার্তার উত্তর দিতে না পারলে যেন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা হয়। আবাহনী লিমিটেডের পরিচালক শেখ বশির আহমেদ মামুনের আবেদন, ‘যার জীবন কেটেছে দেশের ফুটবলের জন্য, তার সুস্থতার প্রার্থনায় শামিল হোন সবাই। মহান আল্লাহ তাকে দ্রুত আরোগ্য দান করুন।’
