পাকিস্তান ও শ্রীলংকাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ?
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
২০২৭ এশিয়া কাপের আগে বাংলাদেশে পাকিস্তান ও শ্রীলংকাকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে বিসিবি। খবর ক্রিকবাজের।
সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির সভায় এই প্রস্তাব দেওয়া হয়। ‘আমরা এশিয়া কাপের আগে বাংলাদেশে একটি ত্রিদেশীয় সিরিজ খেলার জন্য পাকিস্তান ও শ্রীলংকাকে প্রস্তাব দিয়েছি। দুই দেশই ইতিবাচক সাড়া দিয়েছে’, বিসিবির এক কর্মকর্তা শুক্রবার ক্রিকবাজকে এ কথা জানান। তিনি আরও জানান যে, প্রস্তাবটি এখনো বিবেচনাধীন। দুই বোর্ড তাদের চূড়ান্ত সিদ্ধান্ত না জানানোয় সিরিজ এখনই ঘোষণা করা যাবে না।
আগামী ১৮ জুন থেকে ৪ জুলাই ২০২৭ এশিয়া কাপ আয়োজন করবে বাংলাদেশ। দেশটি সর্বশেষ ২০১৬ সালে এই টুর্নামেন্টের আয়োজন করেছিল, যখন প্রতিযোগিতা টি ২০ ফরম্যাটে খেলা হয়। ২০২৭ সালের আসর হবে তামিম ইকবালের নেতৃত্বে বিসিবি আয়োজিত প্রথম বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট।
হৃদয়ের জরিমানা
আইসিসির আচরণবিধি ভাঙার দায়ে শাস্তি পেলেন বাংলাদেশের ব্যাটার তাওহিদ হৃদয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় তার ম্যাচ ফি’র ৪০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। এছাড়া তার নামের পাশে যোগ হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট।
বুধবার ওয়ান্ডারার্সে প্রথম টেস্টের চতুর্থদিন এ ঘটনা ঘটে। মার্কো ইয়ানসেনের নিচু ফুলটসে এলবিডব্লু হয়ে সাজঘরে ফেরেন হৃদয়। ওই সময় আলো কমে যাওয়ায় দিনের খেলা শেষ করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা। আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফের সঙ্গে কথা বলার সময় তাদের সিদ্ধান্তের সমালোচনা করেন হৃদয়। আইসিসির আচরণবিধির ২.৮ ধারা অনুযায়ী, এটি লেভেল-১ অপরাধ। হৃদয় অভিযোগ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। গত ২৪ মাসে এটি তার প্রথম অপরাধ। টেস্টে প্রথম ইনিংসে ১৩৭ রানের দুর্দান্ত ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে ২৩ রান করেন হৃদয়। বাংলাদেশ ম্যাচটি নয় উইকেটে হারে। সোমবার সেঞ্চুরিয়নে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
