চলে গেলেন ফিফা রেফারি মুনীর হোসেন
Advertisement
স্পোর্টস রিপোর্টার
প্রকাশ: ১১ মে ২০১৮, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ষাটের দশকের ফুটবল খেলোয়াড়, বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ফিফা রেফারিদের একজন এবং কাবাডি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মুনীর হোসেন আর নেই। দীর্ঘদিন বহুমূত্র রোগে ভুগছিলেন তিনি। হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সুস্থ হয়ে আর বাড়ি ফেরা হয়নি এই প্রথিতযশা ক্রীড়া ব্যক্তিত্বের। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৪ বছর। মুনীর হোসেন দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আসর মানিকনগর জামে মসজিদে জানাজা শেষে গোপীবাগ পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। ফিফার প্রথম বাংলাদেশি চারজন রেফারির একজন ছিলেন মুনীর হোসেন। বাকি তিনজন- ননী বসাক, মহিউদ্দীন আহমেদ চৌধুরী ও নূর হোসেন আগেই পৃথিবী ছেড়ে চলে গেছেন।
১৯৫২ সালে ফুটবলে আগমন মুনীর হোসেনের। খ্যাতিমান ব্যক্তিত্ব এই ফুটবল রেফারি আশির দশকের শুরুতে রেফারিং ছেড়ে দিলেও তার ক্যারিয়ারের শুরু হয়েছিল ফুটবলার হিসেবে। খেলতে গিয়ে আঘাত পাওয়ায় খেলা ছাড়েন। কিন্তু খেলার জগৎ ছাড়তে পারেননি মুনীর হোসেন। ১৯৬০ সালে রেফারি হিসেবে শুরু। ১৯৬৮তে রেফারিদের পরীক্ষায় প্রথম হন। আন্তর্জাতিক রেফারি হন ১৯৭৪-এ। কুয়েতে সপ্তদশ এশীয় যুব ফুটবল, থাইল্যান্ডে প্রথম কিংস কাপ ফুটবল, ইরানে ১৯তম যুব ফুটবলসহ অসংখ্য আন্তর্জাতিক টুর্নামেন্টে ম্যাচ পরিচালনা করেছেন কৃতিত্বের সঙ্গে।
সত্তর ও আশির দশকের সাড়া জাগানো রেফারি মুনীর হোসেন কাবাডি ফেডারেশনের প্রতিষ্ঠাতা যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৮৮ সালে কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হন। তিন দফায় ২৬ বছর কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এশিয়ান কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ ছিলেন। বাংলাদেশ কাবাডি রেফারি সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন মুনীর হোসেন। রেফারিজ অ্যাসোসিয়েশনের নানা দায়িত্ব পালনের পাশাপাশি কাবাডির উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। বহুমুখী প্রতিভার অধিকারী মুনীর হোসেন ক্রীড়া পুরস্কারের মুখ না দেখেই পরলোকে পাড়ি জমান। ১৯৮২ সালের ২১ সেপ্টেম্বর ঢাকা লিগে মোহামেডান-আবাহনীর গোলযোগপূর্ণ ম্যাচে রেফারি ছিলেন মুনীর হোসেন। ওই ম্যাচে
আবাহনীর কাজী আনোয়ারের কর্নার থেকে করা বল গোললাইন অতিক্রম করলেও মোহামেডানের গোলকিপার মোহসিন তা হাত দিয়ে ফিরিয়ে দেন। আবাহনীর খেলোয়াড়রা গোলের দাবি জানালে রেফারি মুনীর হোসেন তা বাতিল করে দিয়েছিলেন। ঘটনাবহুল ওই ম্যাচে মোহামেডান ১-০ গোলে জিতে লিগ চ্যাম্পিয়ন হয়েছিল।
মুনীর হোসেনের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া
সম্পাদক হারুনুর রশিদ, সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল, সাবেক ফুটবলার বাদল রায়, হাসানুজ্জামান খান বাবলু,
গোলাম রব্বানী হেলাল, আবদুল গাফফার, খোরশেদ আলম বাবুল,
শেখ মো. আসলাম, কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও
অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, বক্সিং ফেডারেশনের সহ-সভাপতি নিজামউদ্দিন চৌধুরী পারভেজ শোক জানিয়েছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), বাংলাদেশ কাবাডি ফেডারেশন, বাংলাদেশ ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশও পৃথক পৃথক বার্তায় শোক জানিয়েছে।
