আইসিটিতে শিক্ষার্থীদের পিছিয়ে পড়ার কারণ ও করণীয়
প্রকৃত জ্ঞান ও দক্ষতা অর্জনের কোনো শর্টকাট পথ নেই
মো. ফয়সাল আহম্মেদ ফরাজী, সহকারী অধ্যাপক, আইসিটি ও উপাধ্যক্ষ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, বাবুরহাট, চাঁদপুর।
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সম্প্রতি প্রকাশিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল অনুযায়ী পাশের হার গত প্রায় ২১ বছরের মধ্যে সর্বনিম্ন। সামগ্রিক ফলাফলের পাশাপাশি ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) বিষয়ে শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সংখ্যক অকৃতকার্য হওয়ার বিষয়টি আমাদেরকে ব্যথিত করেছে। বিশেষ করে একজন আইসিটি শিক্ষক হিসাবে বিষয়টি আমাকে নতুন করে ভাবিয়ে তুলেছে। দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীদের পড়াশোনার ধরন ও প্রস্তুতি পর্যবেক্ষণ করে কয়েকটি বিষয় আমার কাছে স্পষ্ট হয়েছে।
শর্টকাট পড়ার প্রবণতা
আইসিটি এমন একটি বিষয়, যেখানে শুধু মুখস্থ করে ভালো ফলাফল করা সম্ভব নয়। প্রতিটি অধ্যায়ের মৌলিক ধারণা বুঝতে হবে, বিষয়বস্তুর গভীরে যেতে হবে এবং অর্জিত জ্ঞান বাস্তবের সঙ্গে মিলিয়ে নিতে হবে। অথচ অনেক শিক্ষক এবং শিক্ষার্থী নির্দিষ্ট কিছু সাজেশন, গুরুত্বপূর্ণ প্রশ্ন কিংবা শর্টকাট পদ্ধতির মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখে। ফলে প্রশ্নের ধরন বা প্যাটার্নে সামান্য পরিবর্তন এলেই তারা উত্তর দিতে হিমশিম খায়।
ব্যবহারিক শিক্ষার পাশাপাশি কম্পিউটারের প্রাথমিক দক্ষতার অভাব
আইসিটি একটি প্রায়োগিক বিষয়। অথচ অনেক শিক্ষার্থীরই কম্পিউটার ব্যবহারের প্রাথমিক জ্ঞান ও দক্ষতা নেই। ফলে তাদের নিয়ে যথাযথভাবে ব্যবহারিক ক্লাস পরিচালনা করাও অনেক সময় কঠিন হয়ে পড়ে। শুধু তাত্ত্বিক আলোচনা দিয়ে আইসিটির প্রকৃত শিক্ষা অর্জন সম্ভব নয়।
এ ক্ষেত্রে আমার একটি বিশেষ পরামর্শ হলো, শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গেই অথবা সম্ভব হলে এসএসসি পরীক্ষার পরই একটি বেসিক অফিস ম্যানেজমেন্ট কোর্স সম্পন্ন করতে পারে। এতে কম্পিউটার পরিচালনা, টাইপিং, ফাইল ম্যানেজমেন্ট, MS Word, Excel, PowerPoint এবং ইন্টারনেট ব্যবহারের মতো মৌলিক দক্ষতা অর্জিত হবে।
এর ফলে এইচএসসি পর্যায়ে HTML, C প্রোগ্রামিং/Python এবং ডেটাবেজ অধ্যায়ের ব্যবহারিক কাজগুলো বুঝতে ও সম্পন্ন করতে তাদের অনেক বেশি সুবিধা হবে। অর্থাৎ আইসিটিতে শেখার জন্য প্রয়োজনীয় কম্পিউটারভিত্তিক ভিত্তিটা আগে থেকেই তৈরি হবে।
এইচএসসি পর্যায়ে অনলাইন ক্লাসের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা
অনলাইন শিক্ষা বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। তবে আমার অভিজ্ঞতায়, এইচএসসি পর্যায়ের অধিকাংশ শিক্ষার্থীর জন্য অনলাইন ক্লাস সরাসরি শ্রেণিকক্ষের পাঠদানের সমমানের সুবিধা তৈরি করতে পারে না। গুটিকয়েক শিক্ষার্থী অনলাইন ক্লাস থেকে ভালোভাবে উপকৃত হলেও অধিকাংশ শিক্ষার্থীর ক্ষেত্রে মনোযোগ, নিয়মিত অংশগ্রহণ এবং তাৎক্ষণিক প্রশ্নোত্তরের ঘাটতি থেকে যায়।
করোনাকালে আমিও অনেকগুলো ইন্টারেক্টিভ (গুগল মিট) অনলাইন ক্লাস পরিচালনা করেছি। সেখানে একটি বিষয় খুব ভালোভাবে উপলব্ধি করেছি, অল্প কিছু শিক্ষার্থী ছাড়া অধিকাংশই অনলাইন ক্লাসের প্রতি যথাযথ মনোযোগী ছিল না। অনেকের মধ্যে রেকর্ডেড ক্লাস পরে দেখব, স্ক্রিনশট পরে পড়ব, এমন একটি প্রবণতা কাজ করে। এভাবে পড়া জমিয়ে রাখার ফলে একসময় বিশাল পড়ার চাপ তৈরি হয়।
তাই এইচএসসি পর্যায়ে নিয়মিত সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান, শিক্ষক-শিক্ষার্থীর মিথস্ক্রিয়া এবং তাৎক্ষণিক মূল্যায়নকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। অনলাইন ক্লাসকে মূল পাঠদানের বিকল্প না ভেবে সহায়ক মাধ্যম হিসাবে বিবেচনা করাই ভালো।
নিয়মিত ক্লাসে উপস্থিতি ও মনোযোগের অভাব
ভালো ফলাফলের অন্যতম পূর্বশর্ত হলো নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত থাকা। অনেক শিক্ষার্থী ক্লাসে অনিয়মিত থাকে, আবার উপস্থিত থাকলেও পাঠদানে যথাযথ মনোযোগ দেয় না। পরবর্তীতে তারা গাইড, নোট কিংবা অন্যের তৈরি সাজেশনের ওপর নির্ভরশীল হয়ে পড়ে।
মনে রাখতে হবে, শ্রেণিকক্ষে শিক্ষকের প্রতিটি আলোচনা, উদাহরণ, ব্যাখ্যা ও প্রশ্নোত্তর শেখার প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ। তাই শুধু পরীক্ষার আগে প্রস্তুতি নিলে হবে না; প্রতিদিনের ক্লাসে উপস্থিত থাকতে হবে এবং মনোযোগ দিয়ে পাঠ বুঝতে হবে।
মূল পাঠ্যবইয়ের প্রতি অবহেলা
শিক্ষার্থীদের একটি বড় অংশ মূল পাঠ্যবই ভালোভাবে না পড়ে বিভিন্ন নোট, গাইড ও সাজেশনের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। অথচ পাঠ্যবইয়ের প্রতিটি অধ্যায় ধারাবাহিকভাবে পড়া, বোঝা এবং অনুশীলন করা অত্যন্ত জরুরি। নিজের হাতে নিজের নোট তৈরি করার অভ্যাস গড়ে তুলতে হবে। এতে শেখার স্থায়িত্ব বাড়বে এবং যে কোনো ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার সক্ষমতা তৈরি হবে।
উচ্চশিক্ষার প্রস্তুতি নিতে গিয়ে বর্তমান শিক্ষাকে অবহেলা
একটি বিষয় লক্ষ করেছি, অনেক শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার পরপরই বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। উচ্চশিক্ষার প্রস্তুতি অবশ্যই প্রয়োজন। কিন্তু এইচএসসি পর্যায়ের মূল বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত না করে আগেভাগে অন্য প্রস্তুতিতে অতিরিক্ত মনোযোগ দিলে নিজের ভিত্তি দুর্বল থেকে যায়। আগে বর্তমান শ্রেণির পাঠ্যক্রম ভালোভাবে শেষ করতে হবে, তারপর পরবর্তী প্রস্তুতি।
আমাদের করণীয়
আমার বিবেচনায়, আইসিটিতে ভালো ফলাফল অর্জনের জন্য কয়েকটি বিষয়ে গুরুত্ব দেওয়া জরুরি-
১. নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত থাকতে হবে এবং পাঠদানে মনোযোগী হতে হবে।
২. প্রতিটি অধ্যায়ের মৌলিক ধারণা ও বিষয়বস্তু বিস্তারিতভাবে বুঝতে হবে।
৩. শর্টকাট, মুখস্থনির্ভরতা ও শুধু সাজেশনভিত্তিক প্রস্তুতি পরিহার করতে হবে।
৪. এইচএসসিতে ওঠার আগেই অথবা একাদশ শ্রেণির শুরুতে কম্পিউটারের বেসিক ও অফিস ম্যানেজমেন্ট কোর্স সম্পন্ন করতে হবে।
৫. ব্যবহারিক অধ্যায়গুলো হাতে-কলমে কম্পিউটার ল্যাবে অনুশীলন করতে হবে।
৬. মূল পাঠ্যবই বারবার পড়তে হবে।
৭. নিজের হাতে নিজের নোট তৈরি করতে হবে।
৮. নিয়মিত অনুশীলন, মডেল টেস্ট ও মূল্যায়নের মাধ্যমে নিজের দুর্বলতা চিহ্নিত করতে হবে।
৯. শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে কার্যকর যোগাযোগ এবং ফিডব্যাক নিশ্চিত করতে হবে।
১০. শিক্ষকদের প্রস্তুতি নিয়ে ক্লাসে যেতে হবে এবং নতুন নতুন প্রযুক্তি সম্পর্কেও ধারণা রাখতে হবে।
সবশেষ কথা
আইসিটি কঠিন কোনো বিষয় নয়; বরং সঠিক পদ্ধতিতে শিখলে এটি অত্যন্ত আনন্দদায়ক ও বাস্তব জীবনে কার্যকর একটি বিষয়। তবে এর জন্য প্রয়োজন নিয়মিত অধ্যয়ন, বিষয়ভিত্তিক ধারণা, কম্পিউটার ব্যবহারের প্রাথমিক দক্ষতা, ব্যবহারিক অনুশীলন এবং শেখার প্রতি আন্তরিকতা।
শুধু পরীক্ষায় পাশ করার জন্য নয়, প্রযুক্তিনির্ভর এ পৃথিবীতে নিজেকে দক্ষ ও যোগ্য করে গড়ে তোলার জন্য আইসিটি শিখতে হবে।
শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারি। আমাদের লক্ষ্য হওয়া উচিত শুধু ভালো ফলাফল নয়, বরং প্রকৃত জ্ঞান ও দক্ষতাসম্পন্ন শিক্ষার্থী তৈরি করা।
শর্টকাটে সাময়িক সাফল্য আসতে পারে, কিন্তু প্রকৃত জ্ঞান ও দক্ষতা অর্জনের কোনো শর্টকাট পথ নেই।
