অন্যমত
অর্থনীতির চালিকাশক্তিগুলোকে কাজে লাগাতে হবে
আবু আহমেদ
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
দেশের অর্থনীতির জন্য কোনো সুখবর নেই। সবকিছুতেই একটা হতাশার রেশ দেখতে পাচ্ছি। বাংলাদেশের অর্থনীতি নিয়ে আইএমএফ-এর এক পূর্বাভাসে বলা হয়েছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ২ শতাংশে দাঁড়াতে পারে। একই সময় গড় মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ৯ শতাংশে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। চলতি বছরের এপ্রিলে আইএমএফ আরেক পূর্বাভাসে বলেছিল, ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪ দশমিক ৩ শতাংশ। ৩ মাস পর জুলাইয়ে তা কমিয়ে ৩ দশমিক ৫ শতাংশের কথা বলেছিল তারা। এবার তা আরও কমিয়েছে আইএমএফ। কিন্তু চলতি অর্থবছরের বাজেটে সাড়ে ৬ শতাংশ প্রবৃদ্ধির কথা বলেছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কিন্তু বাংলাদেশের প্রবৃদ্ধি নিয়ে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের পূর্বাভাসের সঙ্গে এর তারতম্য রয়েছে। বিশ্বব্যাংক চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশ হতে পারে বলে জানিয়েছে। অন্যদিকে এডিবি পূর্বাভাস দিয়েছে ৪ শতাংশ প্রবৃদ্ধির। আইএমএফ-এর পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ১ শতাংশ। অর্থাৎ বাংলাদেশের প্রবৃদ্ধি বিশ্বের গড় প্রবৃদ্ধির প্রায় কাছাকাছি। বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতির দেশের জন্য তা একেবারেই কাম্য নয়।
আইএমএফ, বিশ্বব্যাংক ও এডিবির পূর্বাভাস থেকে যা প্রতীয়মান হয় তা হলো, বাংলাদেশের অর্থনীতিতে প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি-দুদিকেই চাপ বাড়ছে। বিনিয়োগ না বাড়লে উৎপাদন, কর্মসংস্থান ও আয় সৃষ্টির গতি স্লথ হয়ে পড়বে। এতে বেকার সমস্যা বাড়বে। মানুষের ক্রয়ক্ষমতা অনেকটা কমে যাবে। বিশ্বে আঞ্চলিক সংঘাত দীর্ঘ হলে প্রবাসী আয় ও বৈদেশিক মুদ্রার প্রবাহেও একটা অনিশ্চয়তা তৈরি হবে। ফলে রপ্তানি বাণিজ্যে গতিহীনতা দেখা দেবে এবং দেশে প্রত্যাশিত রেমিট্যান্সের জোগান আসবে না। তবে সঠিক নীতি গ্রহণ এবং নীতির কার্যকর বাস্তবায়ন হলে পরিস্থিতির পরিবর্তন ঘটা সম্ভব। এখন আমাদের উচিত হবে তাৎক্ষণিকভাবে কিছু পদক্ষেপ গ্রহণ করা। যেমন: জ্বালানি সরবরাহে অগ্রাধিকার নির্ধারণ, অপচয় কমানো এবং বিদ্যমান বিদ্যুৎকেন্দ্রের সক্ষমতাকে কাজে লাগানো।
আসলে অর্থনীতির চালিকাশক্তিগুলোকে আমরা ভালোভাবে কাজে লাগাতে পারিনি। কিছু অর্থনৈতিক পদক্ষেপ অনেক আগেই নেওয়া উচিত ছিল। কিন্তু আমরা তা পারিনি। অনেকটা দেরি করে ফেলেছি। এটা আমাদের ব্যর্থতা। আর এ ব্যর্থতা আমাদের অনেক পেছনে নিয়ে গেছে। চট্টগ্রাম বন্দরের পরিচালনাগত সিদ্ধান্তটি আমরা আরও অনেক আগেই নিতে পারতাম। কিন্তু তা পারিনি। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালনাগত দায়িত্বের ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসতে পারিনি। চট্টগ্রাম বন্দরের মতো এটাকেও বিদেশি তত্ত্বাবধানে দেওয়া উচিত ছিল আরও অনেক আগেই। যা হোক, দেশের অধিকাংশ ব্যাংক এখন সংকটে রয়েছে। সরকার তার পরিচালনাগত ব্যয় এবং উন্নয়ন ব্যয় সামাল দেওয়ার জন্য ঋণের জন্য মরিয়া হয়ে আছে। এমনিতেই দেশ ঋণের ভারে জর্জরিত। বিশাল অঙ্কের টাকা এ ঋণের সুদ টানতেই চলে যাচ্ছে। তার ওপর যদি আরও ঋণ করা হয়, পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে, তা বলাই বাহুল্য। আমরা যদি অর্থনীতির চালিকাশক্তিগুলোকে ঠিকমতো পরিচালনা করতে পারতাম, তাহলে দেশকে এ সমস্যায় পড়তে হতো না। আমাদের বিদ্যমান সম্পদগুলোকে সিকিউরিটাইজেশনের মাধ্যমে জনগণের কাছ থেকে ভালো একটা অর্থ পাওয়া যেত, যা আমাদের উন্নয়ন কাজে ব্যবহার করা সম্ভব। যমুনা সেতুর ক্ষেত্রেও ৭-৮ বছরের জন্য বন্ড ইস্যু করে সিকিউরিটাইজেশনের মাধ্যমে সরকার জনগণের কাছ থেকে একটা ভালো পরিমাণ অর্থ সংগ্রহ করতে পারত। জনগণও এ ব্যাপারে এগিয়ে আসত, কারণ যমুনা সেতু একটি লাভজনক অবকাঠামো। সরকার কর্তৃক বন্ড ইস্যু করে জনগণের কাছ থেকে টাকা সংগ্রহের বিষয়টিকে সিকিউরিটাইজেশন বলে। সারা পৃথিবীতে একেকটা প্রকল্পকে কেন্দ্র করে এভাবে সিকিউরিটাইজ করে শেয়ারবাজারের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্রীয় সম্পদ বিক্রি করে অর্থ সংগ্রহের রেওয়াজ রয়েছে। আর এভাবে সংগ্রহ করা অর্থ দিয়ে দেশের অন্যান্য প্রকল্প সম্পন্ন করা হয়ে থাকে। কিন্তু আমরা তা করতে পারিনি। আমাদের অজ্ঞতার কারণে আমরা একের পর এক ভুল করেই গেছি।
আরেকটি বড় ভুল আমরা প্রায়ই করে থাকি। তা হলো, কোনো প্রকল্প করার জন্য আমরা বিদেশিদের ওপর নির্ভর করে বসে থাকি। এটা উচিত নয়। কারণ কখন বিশ্বব্যাংক এ প্রকল্পে সাহায্য করবে, কখন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক প্রকল্পে অর্থের জোগান দেবে, সে আশায় কালক্ষেপণ করাটা বোকামি ছাড়া আর কিছুই নয়। আসলে এভাবে হয় না। কারণ এভাবে করলে একটা প্রকল্প শেষ করতে ১০ বছর লেগে যাবে, যা অর্থনীতির জন্য আশাব্যঞ্জক নয়। আমাদের রিসোর্সগুলো মোবিলাইজ করলে আমরা অনেক প্রকল্প খুব দ্রুত বাস্তবায়ন করতে পারতাম। তখন বিদেশিরাও এখানে বিনিয়োগ করতে আগ্রহ দেখাত।
এবার মিরেশ্বরাই ইকোনমিক জোনের কথায় আসি। গণমাধ্যমে রিপোর্ট বের হয়েছে, মিরেশ্বরাই ইকোনমিক জোন এলাকার বেশির ভাগ অংশই এখন পর্যন্ত খালি পড়ে রয়েছে। কিছুই করা হয়নি। এভাবে ফেলে রাখলে তো হবে না। সেটাকে কাজের আওতায় আনতে হবে। কালক্ষেপণ করলে অর্থনৈতিকভাবে শুধু ক্ষতিই হবে, কোনো আউটপুট পাওয়া যবে না। মিরেশ্বরাই ইকোনমিক জোন এলাকায় যদি অবকাঠামো ঠিক না থাকে; গ্যাস, বিদ্যুৎ সংযোগ যদি ঠিক না থাকে, তাহলে এখানে বিনিয়োগ করতে কে আসবে? কেউ আসবে না। সুতরাং কালক্ষেপণ নয়, দ্রুত বাস্তবায়নই কাম্য হওয়া উচিত।
দেশে বিদ্যুতের যথেষ্ট ঘাটতি রয়েছে। বিদ্যুতের চাহিদা দৈনিক ১৭ হাজার ৬০০ মেগাওয়াট, কিন্তু উৎপাদন ১৫ হাজার ৩০০ মেগাওয়াট। ফলে কাগজে-কলমে ঘাটতি ২ হাজার থেকে আড়াই হাজার মেগাওয়াট। এ ঘাটতি মোকাবিলায় সরকারকে বিদেশ থেকে বিদ্যুৎ আমদানি করতে হচ্ছে। ভারতের আদানি গ্রুপের কাছ থেকে কেনা বিদ্যুৎ চুক্তি অনুসারে পাওয়া যাচ্ছে না। তারা অর্ধেক বিদ্যুৎ দিচ্ছে। সবকিছু মিলে বড় সংকট তৈরি হয়েছে। গ্যাস-বিদ্যুৎ সমস্যা দেশের জন্য বড় দুর্যোগ। অর্থনীতিতে ইতোমধ্যে এর ব্যাপক প্রভাব পড়েছে। সাধারণ মানুষ কষ্টে আছে। এ দুর্যোগ মোকাবিলার সহজ কোনো পথ আপাতত নেই। এজন্য সময় লাগবে। শুধু সরকারকে দায়ী করে লাভ নেই। যে কোনো সরকার থাকলে একই অবস্থা হতো। বর্তমানে গ্যাসের সরবরাহ কম। যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামও বেড়েছে। বিদ্যুতের ঘাটতি মোকাবিলায় সরকার চেষ্টা করছে। কয়েকটি কুইক রেন্টাল পাওয়ার স্টেশন সচল করার চেষ্টা চলছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎও অচিরেই জাতীয় গ্রিডে আসবে। তাই আশা করা যাচ্ছে, সামনে বিদ্যুতের সমস্যার একটা সমাধান হবে। তবে বিদ্যুৎ সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান করতে হলে ব্যাপকভাবে সৌরবিদ্যুতের ব্যবস্থা করতে হবে। অবশ্য সরকার সৌরবিদ্যুৎকে নীতিগত সমর্থন দিচ্ছে। কিন্তু দুর্ভাগ্যক্রমে বড় রকমের কোনো প্রকল্প হচ্ছে না। যেগুলো হচ্ছে, সেগুলো ছোট আকারে হচ্ছে। ফলে এগুলো জাতীয় গ্রিডে যোগ দিতে পারছে না। সৌরবিদ্যুৎ প্রকল্প আরও বড় আকারে করতে হবে।
আমি দিনাজপুরের ফুলবাড়িয়া খনির কয়লা উত্তোলনের পক্ষের লোক। কিছু লোক এটাকে ওপেন ফিল্ডে না করার জন্য বাধা দিচ্ছে। কিন্তু আমার মনে হয়, এ প্রকল্পটি ফেলে না রেখে সরকারকে যে কোনো একটা সমাধানে আসতে হবে। কেননা অনেক বেশি অর্থ ব্যয় করে বিদেশ থেকে কয়লা আমদানি করতে হচ্ছে সরকারকে। শুধু তাই নয়, সময়মতো কয়লা পাওয়া নিয়ে প্রায়ই জটিলতা দেখা দেয়। তাছাড়া বিদেশি কয়লার মানও খারাপ। কিছুদিন আগে কাদামাটিসহ কয়লার চালান নিয়ে বেশ জটিলতা তৈরি হয়। সুতরাং কয়লা উত্তোলনে সরকারকে জোর দিতে হবে।
আরেকটি বিষয় না বললেই নয়, তা হলো-বিশ্ববাজার থেকে জ্বালানি তেল আমদানি করতে খরচ অনেক বেশি পড়ে যায়। কারণ আমাদের রিফাইন করা জ্বালানি তেল আমদানি করতে হয়। রিফাইন তেলের দাম অনেক বেশি। আমরা যদি রিফাইন তেল না এনে ক্রুড অয়েল এনে রিফাইন করে নিই, তাহলে খরচ অনেক কম পড়বে। সুতরাং প্রাইভেট সেক্টরের সহযোগিতা নিয়ে আমাদের সেকেন্ড রিফাইনারি প্রতিষ্ঠা করা উচিত। সরকারের এককভাবে সেকেন্ড রিফাইনারি করার পক্ষে আমি নই। এখানে বিদেশি কাউকে পার্টনার করে নেওয়া যেতে পারে, নয়তো স্থানীয় কোনো প্রাইভেট সেক্টরের সহযোগিতা নিয়ে সেকেন্ড রিফাইনারি করা যেতে পারে।
যা হোক, শুধু কয়েকটি পোশাকশিল্প গড়ে তোলার নাম শিল্পায়ন নয়। এটাকে ‘টেইলারিং শপ’ অব বাংলাদেশ বলা যায়। শুধু এগুলো দিয়ে বেসিক ইন্ডাস্ট্রিতে আমরা এগোতে পারব না। কাজেই আলোচ্য বিষয়গুলো মাথায় নিয়ে আমাদের দ্রুত সিদ্ধান্তে আসতে হবে। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আর কালবিলম্ব করা ঠিক হবে না। বিশ্ব অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।
আবু আহমেদ : অধ্যাপক ও অর্থনীতিবিদ; চেয়ারম্যান, আইসিবি
অনুলিখন : জাকির হোসেন সরকার
