দৃষ্টিপাত
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন যে বার্তা দিচ্ছে
ড. আনোয়ারউল্লাহ চৌধুরী
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মার্কিন যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত মধ্যবর্তী নির্বাচন গত ৪ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকানদের পরাজয় ঘটেছে। মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের কাছে ক্ষমতাসীন রিপাবলিকানদের পরাজয় ঘটবে-এটা প্রত্যাশিত ছিল, তবে পরাজয়ের মাত্রা এতটা বেশি হবে, তা ভাবা যায়নি। নির্বাচনে ডেমোক্র্যাটদের ভূমিধস বিজয় অর্জিত হয়েছে। প্রতিনিধি পরিষদ ও সিনেট উভয় ক্ষেত্রেই রিপাবলিকানদের সুস্পষ্ট পরাজয় ঘটেছে। আর গভর্নর ডেমোক্র্যাটরা পেয়েছে ২৮টি এবং রিপাবলিকানরা পেয়েছে ২০টি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের ফলাফলে চরম অসন্তুষ্ট হলেও তিনি ফলাফল মেনে নিয়েছেন। তিনি তার দলের এ ভরাডুবির জন্য ইরানকে দায়ী করেছেন। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন, ইরান যুদ্ধের কারণেই তার দলের এ বিপর্যয়। তবে তিনি ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়িত হওয়ার জন্য দুঃখ প্রকাশ করেননি। রিপাবলিকানদের ঘাঁটি হিসাবে পরিচিত আসনগুলোতেও ডেমোক্র্যাটরা বিস্ময়কর ফলাফল লাভ করেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, মার্কিনিরা স্পষ্ট বার্তা দিয়েছে, তারা পরিবর্তন চায়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ আরও ২ বছর বাকি আছে। নিয়ম অনুযায়ী, প্রতি চার বছর অন্তর নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের হারের কারণে প্রেসিডেন্ট ট্রাম্পকে আগামী দুই বছর দায়িত্ব পালনের ক্ষেত্রে নানাভাবে সমস্যার মুখে পড়তে হতে হবে। আইন প্রণয়ন থেকে শুরু করে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ সব ক্ষেত্রেই ট্রাম্প প্রশাসনকে বিরোধীদের প্রতিবন্ধকতার মুখে ঠিকমতো কার্যক্রম পরিচালনা করা কষ্টকর হবে। এ অবস্থায় ট্রাম্পের সামনে তিনটি বিকল্প রয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও প্রশাসনকে গতিশীল রাখার জন্য তিনি পদত্যাগ করতে পারেন; যেমন পদত্যাগ করেছিলেন প্রেসিডেন্ট নিক্সন। ওয়াটারগেট কেলেঙ্কারির দায়ভার নিয়ে ১৯৭৪ সালের ৯ আগস্ট বিচার ও অপসারণ এড়াতে তিনি পদত্যাগ করেছিলেন। তিনি ভাইস প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের কাছে দায়িত্ব অর্পণ করে বিদায় নিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে রিচার্ড নিক্সনই একমাত্র প্রেসিডেন্ট, যিনি ক্ষমতায় থাকাবস্থায় পদত্যাগ করেছিলেন। ডোনাল্ড ট্রাম্পের বিষয়টি ভিন্নতর। তিনি দৃশ্যত কোনো অভিযোগে অভিযুক্ত নন। তবে তিনি যদি যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও প্রশাসনিক অগ্রযাত্রা বহাল রাখতে চান, তাহলে পদত্যাগ করতে পারেন। কিন্তু তিনি তা করবেন বলে মনে হয় না। দ্বিতীয়ত, ডেমোক্র্যাটরা প্রেসিডেন্ট ট্রাম্পকে অপসারণ করতে পারেন। সেক্ষেত্রে প্রশাসনিক ও রাজনৈতিক জটিলতা দেখা দিতে পারে। তৃতীয় যে পথটি তার সামনে খোলা আছে তা হলো, তিনি অবশিষ্ট মেয়াদ প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে যাবেন; কিন্তু স্বস্তির সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন না। তাকে প্রতিনিয়তই প্রতিনিধি পরিষদের সদস্যদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়তে হবে। প্রতিনিধি পরিষদে তিনি নিজের ইচ্ছামতো কোনো বিল পাশ করাতে পারবেন না। আর প্রতিনিধি পরিষদে কোনো বিল পাশ হয়ে প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য এলে তিনি তাতে ভেটো প্রয়োগ করতে পারবেন। এ অবস্থায় আইন প্রণয়ন থেকে শুরু করে প্রশাসনের কাজ সর্বত্রই তাকে বিরোধীদের বাধার মুখে পড়তে হবে। রাজনৈতিক পরিভাষায় এমন পরিস্থিতিতে প্রেসিডেন্টকে বলা হয় ‘লেম ডাক’ বা ‘খোঁড়া হাঁস’। অর্থাৎ নামে ক্ষমতায় থাকলেও কাজের ক্ষেত্রে হাত-পা বাঁধা। তবে প্রেসিডেন্ট ট্রাম্প যে প্রকৃতির মানুষ, তাতে তিনি এত সহজে হাল ছাড়বেন বলে মনে হয় না। তার হাতে ভেটো প্রদানসহ ব্যাপক ক্ষমতা রয়েছে। তিনি সেই ক্ষমতা প্রয়োগ করে অনায়াসে দুই বছর পার করতে পারবেন। তিনি জানিয়েছেন, ডেমোক্র্যাটদের ‘পাগলামি’ প্রস্তাব তিনি পাশ করবেন না। অর্থাৎ তিনি ডেমোক্র্যাটদের পাশ করা বিভিন্ন প্রস্তাবে ভেটো প্রয়োগ করবেন। এটা নিশ্চিত করে বলা যায়, আগামী ২ বছর যুক্তরাষ্ট্রকে নানা জটিলতা মোকাবিলা করতে হবে।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের এ পরাজয়ের পেছনে যেসব কারণ বর্ণনা করা হচ্ছে, তার বেশির ভাগই ট্রাম্পের নিজের তৈরি করা। যুক্তরাষ্ট্রের ৪৫তম ও ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিশেষ নীতি হলো, আমেরিকা ফার্স্ট। অর্থাৎ তিনি সবকিছুতেই যুক্তরাষ্ট্রকে শীর্ষে দেখতে চান। এ নীতির মূল কথা হচ্ছে, যে কোনো আন্তর্জাতিক জোট, সামরিক চুক্তি, অর্থনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে তিনি বৈশ্বিক স্বার্থের চেয়ে আমেরিকার স্বার্থকে বড় করে দেখতে চান। এ লক্ষ্যে তিনি স্থানীয় মার্কিন উদ্যোক্তাদের স্বার্থ সংরক্ষণের জন্য বিভিন্ন দেশের পণ্যের ওপর ব্যাপক মাত্রায় শুল্কারোপ করেছেন। এতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরাও ট্রাম্পের ওপর বিরক্ত হয়েছেন। তিনি কয়েকটি দেশ ও অঞ্চলের সঙ্গে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি থেকে বেরিয়ে এসেছেন। তার বক্তব্য হচ্ছে, এসব চুক্তি আমেরিকার স্বার্থ পরিপন্থি। তিনি বৈশ্বিক জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে এনেছেন। ভিসা ও অভিবাসন নীতি কঠোর করেছেন। ট্রাম্পের সমর্থকদের মতে, তার এসব নীতি যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের স্বার্থ সংরক্ষণ করেছে। আর সমালোচকদের মতে, এসব নীতি যুক্তরাষ্ট্রকে বিশ্বমঞ্চে একা করে ফেলেছে।
ডোনাল্ড ট্রাম্পের যে নীতি মার্কিনিদের মনে সবচেয়ে ক্ষোভের জন্ম দিয়েছে, তা হচ্ছে ইসরাইলের ইন্ধনে ইরানে হামলা চালানো। অধিকাংশ মার্কিনি মনে করেন, ইরানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র তার কোনো স্বার্থ হাসিল করতে পারেনি। বরং বিশ্বমঞ্চে তার শ্রেষ্ঠত্বকে ক্ষুণ্ন করেছে। যুক্তরাষ্ট্র মনে করেছিল, তারা যদি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করতে পারে, তাহলে ইরানের জনগণ রাস্তায় নেমে আসবে এবং সরকারের পরিবর্তন ঘটাবে। কিন্তু ইরানের অভ্যন্তরীণ রাজনীতি অনুধাবন করতে ট্রাম্প প্রশাসন ভুল করেছিল। আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করায় ইরানের জনগণ যুক্তরাষ্ট্রের আগ্রাসী শক্তির বিরুদ্ধে দৃঢ় ঐক্যবদ্ধ হয়েছে। তারা রাস্তায় নেমে আসার পরিবর্তে মার্কিন-ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হয়েছে। ইরান যে মার্কিন-ইসরাইলি যৌথবাহিনীকে এভাবে রুখে দেবে, তা আমেরিকা বা ইসরাইল কেউই ভাবতে পারেনি। ইরান যুদ্ধে জড়িয়ে যুক্তরাষ্ট্রের অবস্থা এখন হয়েছে ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’। তারা না পারছে ইরানকে পদানত করতে, না পারছে যুদ্ধ থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসতে।
বিশ্ব অর্থনীতিতে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের ব্যাপক প্রভাব পড়েছে। ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে এর প্রভাব পড়েছে। যুদ্ধের আগে যেখানে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল ৬৫ মার্কিন ডলারে বিক্রি হতো, এখন তা প্রায় ১০০ ডলারের কাছাকাছি চলে গেছে। কিছুদিন আগে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১২০ ডলারে উন্নীত হয়েছিল। মার্কিন এবং ইসরাইলি বাহিনী নানাভাবে চেষ্টা করলেও হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণমুক্ত করতে পারছে না। উল্লেখ্য, বিশ্ব জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহণ করা হয়। ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর অর্থনৈতিক অবস্থা সঙ্গিন হয়ে পড়েছে। কারণ এ যুদ্ধ শুধু ইরান ভূখণ্ডে সীমিত নেই। মধ্যপ্রাচ্যের যেসব মুসলিম দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে, ইরান সেখানেও মিসাইল হামলা চালাচ্ছে। ফলে পুরো মধ্যপ্রাচ্য এখন যুদ্ধের আবহের মধ্যে রয়েছে। এ অবস্থায় দেশগুলোর অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। অধিকাংশ মার্কিনি ইরান অভিযানকে সমর্থন করছেন না। তারা মনে করেন, ইসরাইলের পরামর্শে যুক্তরাষ্ট্র ইরানে অভিযান চালিয়ে বড় ভুল করেছে। এতে যুক্তরাষ্ট্র যে শুধু অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তা নয়, দেশটি আন্তর্জাতিক পরিমণ্ডলে তার প্রভাব হারাতে বসেছে। যুক্তরাষ্ট্রের সামরিক শ্রেষ্ঠত্ব প্রশ্নের মুখে পড়েছে। মার্কিন প্রশাসন মনে করেছিল, ইরান যুদ্ধের আর্থিক খরচ ৫০ বিলিয়ন ডলার হতে পারে। বিখ্যাত অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিটজের গবেষণায় প্রতীয়মান হয়েছে, ইরান যুদ্ধ অনুমানের চেয়ে বেশি দীর্ঘস্থায়ী হওয়ার কারণে মোট আর্থিক ক্ষতির পরিমাণ ২ থেকে ৩ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের বৈদেশিক ঋণ গ্রহণের মাত্রা ব্যাপকভাবে বেড়েছে। অভ্যন্তরীণ অর্থনীতিতে উচ্চ মূল্যস্ফীতির প্রবণতা দেখা দিয়েছে এবং অর্থনীতি ক্রমেই মন্দার দিকে ধাবিত হচ্ছে। এ যুদ্ধের কারণে বিশ্ব সামরিক শক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের একক আধিপত্য খর্ব হতে চলেছে। তদস্থলে সামরিক শক্তি হিসাবে বৈশ্বিক অঙ্গনে চীন ও রাশিয়ার উত্থানের পথ প্রশস্ত হয়েছে।
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে বাংলাদেশ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জ্বালানি তেলের আমদানি ব্যয় বৃদ্ধি পাওয়ার ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ অর্থনীতিতে উচ্চ মূল্যস্ফীতির প্রবণতা কমছে না। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জনশক্তি রপ্তানি খাত। বাংলাদেশের জনশক্তি রপ্তানির প্রধান বাজার মধ্যপ্রাচ্যের ৬টি মুসলিম দেশ। যুদ্ধের কারণে এসব দেশে জনশক্তি রপ্তানি কার্যত বন্ধ রয়েছে। শুধু তাই নয়, অনেকেই কর্মচ্যুত হয়ে দেশে ফিরে এসেছেন। যারা ছুটিতে দেশে এসেছিলেন, তারা পুনরায় কর্মস্থলে ফিরে যেতে পারছেন না। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশের পণ্য রপ্তানি কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।
রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম কারণ হিসাবে অনেকেই মনে করছেন, অবাধ বাণিজ্য কৌশল থেকে সরে এসে সংরক্ষণবাদী নীতি গ্রহণ করা। যুক্তরাষ্ট্র চীনা আমদানি পণ্যের প্রভাবমুক্ত হওয়ার জন্য বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে। কিন্তু এ প্রচেষ্টা কতটা সফল হবে, তা নিয়ে সংশয় রয়েছে। শুল্কনীতি ও কঠোর অভিবাসন নীতির কারণে স্বল্পমেয়াদে পণ্যমূল্য বৃদ্ধি এবং শ্রমিকের ঘাটতি দেখা দিতে পারে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনীতিতে উচ্চ মূল্যস্ফীতি স্থায়ী রূপ ধারণ করতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে মন্দা দেখা দিতে পারে। সব মিলিয়ে আগামী দিনে মার্কিন অর্থনীতিতে মন্দার ঝুঁকি বাড়বে। অর্থনৈতিক জোট ব্রিকস এবং আরও কিছু দেশ মার্কিন ডলারের বিপরীতে নতুন একক মুদ্রা চালু করার চেষ্টা চালালেও তা এখনো সফল হয়নি। ডলার এখনো বিশ্বের প্রধান রিজার্ভ মানি হিসাবে পরিগণিত হচ্ছে। তবে ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে যেভাবে নেতিবাচক প্রভাব পড়ছে, তাতে আগামী দিনে ডলারের অবস্থান কিছুটা হলেও দুর্বল হতে পারে। যুক্তরাষ্ট্র বেশ কিছুদিন ধরে উচ্চ মূল্যস্ফীতির প্রভাব মোকাবিলা করে চলেছে। কর্মসংস্থানের অবস্থাও সুবিধাজনক নয়। সাধারণ নিম্নবিত্ত নাগরিকদের ক্রয়ক্ষমতা দ্রুত কমে যাচ্ছে। আগামী দিনে অর্থনীতি পুনরুদ্ধার, ইমেজ উন্নয়ন এবং বৈশ্বিক নেতৃত্বের আসনে থাকাটাই যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
ড. আনোয়ারউল্লাহ চৌধুরী : প্রফেসর ইমেরিটাস, সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়; বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত
