উচ্চমাধ্যমিকের ফল বিপর্যয় : কারণ ও প্রতিকার
কামরুজ্জামান সেলিম
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় উচ্চমাধ্যমিক শিক্ষা একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। মাধ্যমিকের ভিত্তির ওপর দাঁড়িয়ে একজন শিক্ষার্থী উচ্চশিক্ষা, কর্মজীবন ও ভবিষ্যৎ নাগরিকত্বের প্রস্তুতি গ্রহণ করে। অথচ সেই গুরুত্বপূর্ণ স্তরেই এবার দেখা দিয়েছে উদ্বেগজনক ফল বিপর্যয়। ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় পাশের হার নেমে এসেছে ৫২ দশমিক ১২ শতাংশে, যা ২০০৪ সালের পর সর্বনিম্ন। অর্থাৎ প্রায় ২২ বছরের মধ্যে সর্বনিম্ন সাফল্যের হার। একদিকে প্রায় অর্ধেক পরীক্ষার্থীর অকৃতকার্য হওয়া, অন্যদিকে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া-দুটিই আমাদের শিক্ষাব্যবস্থার গভীর সংকটের প্রতিফলন। এ ফল শুধু শিক্ষার্থীদের ব্যর্থতা নয়; বরং শিক্ষার সামগ্রিক ব্যবস্থাপনা, পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন কাঠামোর প্রতি একটি সতর্কবার্তা।
ফলাফলের পরিসংখ্যান : উদ্বেগের বাস্তব চিত্র : এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন; অকৃতকার্য ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। গত বছর পাশের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এক বছরের ব্যবধানে তা কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ। এসব তথ্য আমাদের সামনে একটি মৌলিক প্রশ্ন তুলে ধরে-শিক্ষার্থীরা কি যথাযথভাবে শিখছে, নাকি শিক্ষাব্যবস্থা শুধু পরীক্ষার প্রস্তুতিতেই সীমাবদ্ধ হয়ে পড়েছে?
শিখন-ঘাটতি ও কোভিড-পরবর্তী অভিঘাত : ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীরা ২০২০ সালে যখন ষষ্ঠ শ্রেণিতে পড়ত, তখন বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারি শিক্ষাব্যবস্থাকে বিপর্যস্ত করে। দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় নিয়মিত পাঠদান ব্যাহত হয়। অনলাইন শিক্ষার সুযোগ থাকলেও প্রান্তিক হতদরিদ্র ও নিম্নমধ্যবিত্ত পরিবারের অনেক শিক্ষার্থী প্রয়োজনীয় স্মার্টফোন, ইন্টারনেট ও উপযুক্ত পরিবেশের অভাবে পিছিয়ে পড়ে। ফলে শ্রেণিভিত্তিক জ্ঞান ও দক্ষতা অর্জনে যে ঘাটতি তৈরি হয়, তা পরবর্তী শিক্ষাজীবনেও প্রভাব ফেলে।
মহামারির অভিঘাত কাটিয়ে ওঠার আগেই ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান ও পরবর্তী অস্থিরতা শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমকে মারাত্মকভাবে ব্যাহত করে। দীর্ঘ বিরতি, অসম্পূর্ণ পাঠ্যক্রম এবং অনিয়মিত শ্রেণি কার্যক্রম শিক্ষার্থীদের প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব ফেলে। কিন্তু এসব শিখন-ঘাটতি শনাক্ত করে ধারাবাহিকভাবে পূরণ করার কার্যকর উদ্যোগ কতটা নেওয়া হয়েছে, সে প্রশ্ন থেকেই যায়।
শিক্ষক সংকট ও পাঠদানের দুর্বলতা : শিক্ষার মান নির্ভর করে মেধাবী, দক্ষ, প্রশিক্ষিত ও নিবেদিতপ্রাণ শিক্ষকের ওপর। অথচ দেশের বহু মাধ্যমিক স্কুলে বিষয়ভিত্তিক শিক্ষক, বিশেষ করে ইংরেজি, গণিত ও আইসিটি শিক্ষক সংকট, শ্রেণিকক্ষে অনিয়মিত উপস্থিতি, দুর্বল পাঠ পরিকল্পনা এবং শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষণ পদ্ধতির অভাব রয়েছে। যার সমন্বিত প্রভাব উচ্চমাধ্যমিক পর্যায়ে এসে আরও প্রকট হয়। শিক্ষার্থীদের মধ্যে মুখস্থনির্ভরতা, কোচিং ও প্রাইভেটনির্ভর প্রস্তুতি এবং সৃজনশীল চিন্তার সীমিত চর্চা শিক্ষার প্রকৃত উদ্দেশ্যকে ব্যাহত করছে।
পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতির পরিবর্তন : গত কয়েক বছরে পরীক্ষার পাঠ্যক্রম, নম্বর বণ্টন ও মূল্যায়ন পদ্ধতিতে বিভিন্ন পরিবর্তন এসেছে। ২০২৬ সালে পূর্ণাঙ্গ পাঠ্যক্রম ও পূর্ণ নম্বরের ভিত্তিতে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় অনেক শিক্ষার্থীর প্রস্তুতির ঘাটতি স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। কঠোর ও নিরপেক্ষ মূল্যায়ন শিক্ষার মান নিশ্চিত করার জন্য অপরিহার্য। তবে মূল্যায়নের মানদণ্ড পরিবর্তনের আগে শিক্ষার্থীদের প্রস্তুতি, শিক্ষকদের সক্ষমতা এবং পাঠদানের বাস্তব পরিস্থিতি বিবেচনা করা অত্যন্ত জরুরি।
সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা : শিক্ষার্থীদের সাফল্য শুধু বিদ্যালয় বা কলেজের ওপর নির্ভর করে না; পারিবারিক ও সামাজিক পরিবেশও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মূল্যস্ফীতি, পরিবারের আয় হ্রাস, শিক্ষার ব্যয় বৃদ্ধি, রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা এবং কর্মসংস্থানের অনিশ্চয়তা অনেক শিক্ষার্থীর পড়াশোনায় মনোযোগ ব্যাহত করছে। গরিব পরিবারের শিক্ষার্থীরা কখনো কখনো পড়াশোনার পাশাপাশি উপার্জনে যুক্ত হতে বাধ্য হচ্ছে। অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যম, অনিয়ন্ত্রিত মুঠোফোন ব্যবহার, বিশেষ করে ফেসবুকের ডুম স্ক্রলিং-এর মাধ্যমে বিভিন্ন রিলে মনোযোগ দেওয়ার কারণে মস্তিষ্কের কার্যক্ষমতা ক্লান্ত হয়ে যায়। ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি ধৈর্যচ্যুতি হয় ও বিনোদননির্ভর অভ্যাসে শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনায় নেতিবাচক প্রভাব ফেলছে।
অভিভাবকদের অতিরিক্ত প্রত্যাশা, পরীক্ষাকেন্দ্রিক মানসিক চাপ এবং শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের প্রতি অবহেলাকে উপেক্ষা করা যায় না। শিক্ষা হওয়া উচিত আনন্দময় ও জীবনমুখী; শুধু জিপিএ অর্জনের প্রতিযোগিতা নয়। কারণ জিপিএ-৫ কিংবা ভালো ফল থাকলেই একজন ভালো মানুষ হওয়া যায় না।
উত্তরণের পথ : সমন্বিত উদ্যোগ অপরিহার্য : প্রথমত, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক শিখন-ঘাটতি শনাক্ত করে বিশেষ সহায়তা কার্যক্রম চালু করতে হবে। দুর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাস, ব্যবহারিক ক্লাস, পুনরাবৃত্তিমূলক পাঠদান, পরামর্শদান ও নিয়মিত মূল্যায়নের ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত, শিক্ষক নিয়োগে স্বচ্ছতা, বিষয়ভিত্তিক মেধাবী ও অভিজ্ঞ শিক্ষক নিয়োগ এবং প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। শিক্ষকদের নিয়মিত পেশাগত উন্নয়ন, আধুনিক শিখনপদ্ধতি, প্রযুক্তিনির্ভর পাঠদান এবং শ্রেণিকক্ষ ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিতে হবে। তৃতীয়ত, পরীক্ষার প্রশ্নপত্রে মুখস্থ বিদ্যার পরিবর্তে অনুধাবন, বিশ্লেষণ, সমস্যা সমাধান ও সৃজনশীলতার মূল্যায়ন বাড়াতে হবে। প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নে অভিন্ন মানদণ্ড প্রতিষ্ঠা করতে হবে। চতুর্থত, শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রন্থাগার, অভিজ্ঞ গ্রন্থাগারিক, বিজ্ঞানাগার, তথ্যপ্রযুক্তির সুবিধা ও পাঠাভ্যাস উন্নয়নের উদ্যোগ বাড়াতে হবে। শিক্ষার্থীদের বই পড়া, গবেষণা, বিতর্ক, খেলাধুলা, সাহিত্য-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। পঞ্চমত, আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বৃত্তি, উপবৃত্তি, বিনামূল্যে শিক্ষা উপকরণ এবং মানসিক স্বাস্থ্য সহায়তা সম্প্রসারণ করতে হবে।
শিক্ষার সংকট মোকাবিলায় দায়িত্বশীল হোক রাষ্ট্র : উচ্চমাধ্যমিকের ফল বিপর্যয়কে বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখার কোনো সুযোগ নেই। এটি দীর্ঘদিনের শিখন-ঘাটতি, শিক্ষক সংকট, শিক্ষাব্যবস্থার দুর্বলতা ও সামাজিক বাস্তবতার সম্মিলিত প্রতিফলন। শুধু পাশের হার বাড়ানো নয়, শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জন নিশ্চিত করাই হওয়া উচিত শিক্ষানীতির প্রধান লক্ষ্য। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও ব্যানবেইসের তথ্য অনুযায়ী এবারে এইচএসসি পাশ করা সব শিক্ষার্থী ভর্তি হলেও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ৮ লাখ ৪৫ হাজার আসন ফাঁকা পড়ে থাকবে। কারণ, বর্তমানে দেশে ৬১টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ১১৭টি অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে।
আজকের শিক্ষার্থীই আগামী দিনের রাষ্ট্র পরিচালনা করবে। তাদের দুর্বল শিক্ষার দায় ভবিষ্যৎ প্রজন্মকে বহন করতে দেওয়া যায় না। তাই ফল বিপর্যয়ের কারণ অনুসন্ধানে একটি নিরপেক্ষ ও কার্যকর পর্যালোচনা জরুরি। সুপারিশগুলো বাস্তবায়নে সরকার, শিক্ষা বোর্ড, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও সমাজকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে।
মনে রাখতে হবে, শিক্ষার প্রকৃত সাফল্য পরীক্ষার ফলে নয়, বরং একজন শিক্ষার্থীর জ্ঞান, চিন্তাশক্তি, দক্ষতা ও মানবিক বিকাশে। ফল বিপর্যয়কে আত্মসমালোচনা ও সংস্কারের সুযোগ হিসাবে গ্রহণ করতে পারলেই বাংলাদেশের শিক্ষাব্যবস্থা নতুন সম্ভাবনার পথে এগিয়ে যেতে পারবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
কামরুজ্জামান সেলিম : গবেষক, প্রাবন্ধিক ও গ্রন্থাগার বিশেষজ্ঞ
