মোংলা বন্দর : অর্থনৈতিক রূপান্তরের নতুন দ্বার
সৈয়দ তোশারফ আলী
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মোংলা বন্দর পরিদর্শন ও বন্দরটিকে আধুনিক সমুদ্রবন্দর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার বাংলাদেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, যার আওতায় দুটি কনটেইনার জেটি এবং প্রয়োজনীয় সহায়ক অবকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে, নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তবে এই উদ্যোগের প্রকৃত সাফল্য নির্ভর করবে কতটা দক্ষতার সঙ্গে বন্দরটিকে জাতীয় অর্থনীতি ও আঞ্চলিক বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত করা যায় তার ওপর।
বাংলাদেশের অর্থনৈতিক ও ভৌগোলিক বাস্তবতায় মোংলা বন্দরের গুরুত্ব অপরিসীম। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত এ বন্দরটি আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ, আমদানি-রপ্তানি কার্যক্রম সহজ করা এবং আঞ্চলিক যোগাযোগব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ সম্প্রসারণের সুযোগ রয়েছে। ভৌগোলিক অবস্থান বিবেচনায় মোংলা বন্দরকে শুধু বাংলাদেশের দ্বিতীয় সমুদ্রবন্দর হিসেবে দেখলে চলবে না; যথাযথ পরিকল্পনা গ্রহণ করা গেলে এটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে।
কিন্তু সম্ভাবনা থাকা সত্ত্বেও মোংলা বন্দর এখনো তার কাঙ্ক্ষিত সক্ষমতা অর্জন করতে পারেনি। অবকাঠামোগত সীমাবদ্ধতা, পর্যাপ্ত সড়ক ও রেল যোগাযোগের অভাব, নৌপথের নাব্যতা সংকট এবং বন্দরের আশপাশে শিল্পকারখানার অপর্যাপ্ত বিকাশ এর প্রধান প্রতিবন্ধকতা। ফলে আধুনিকায়নের জন্য শুধু নতুন জেটি নির্মাণ করলেই প্রত্যাশিত ফল পাওয়া যাবে না। বন্দরকে কার্যকর ও প্রতিযোগিতামূলক করতে হলে একটি সমন্বিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা জরুরি।
এ ক্ষেত্রে যোগাযোগব্যবস্থার উন্নয়ন সর্বাধিক গুরুত্ব পাওয়া উচিত। রাজধানী ঢাকা এবং দেশের প্রধান শিল্প ও বাণিজ্যিক অঞ্চলগুলোর সঙ্গে মোংলা বন্দরের দ্রুত ও নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতে হবে। সড়কপথের পাশাপাশি রেল যোগাযোগ সম্প্রসারণের কোনো বিকল্প নেই। ঢাকার কমলাপুর ইনল্যান্ড কনটেইনার ডিপোর সঙ্গে মোংলা বন্দরের সরাসরি কনটেইনার ট্রেন চালুর প্রস্তাব বাস্তবায়িত হলে পণ্য পরিবহণে সময় ও ব্যয় উল্লেখযোগ্যভাবে কমতে পারে। এতে আমদানি-রপ্তানিকারকদের জন্য মোংলা বন্দর আরও আকর্ষণীয় হয়ে উঠবে।
তবে বন্দরের আধুনিকায়নের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলোর একটি হলো পশুর চ্যানেলের নাব্য বজায় রাখা। নিয়মিত ড্রেজিং এবং নৌযান চলাচলের উপযোগী গভীরতা নিশ্চিত করা না গেলে আধুনিক জেটি ও উন্নত কার্গো ব্যবস্থাপনা কাঙ্ক্ষিত সুফল দিতে পারবে না। আন্তর্জাতিক বাণিজ্যে জাহাজের সময় খুবই মূল্যবান। কোনো বন্দরে প্রবেশ ও পণ্য খালাসের ক্ষেত্রে অনিশ্চয়তা থাকলে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো স্বাভাবিকভাবেই বিকল্প বন্দর ব্যবহারে আগ্রহী হবে। তাই নাব্য রক্ষাকে একটি চলমান জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে।
বন্দর ব্যবস্থাপনায় দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করাও অপরিহার্য। পণ্য খালাসে দীর্ঘসূত্রতা, কাস্টমসের জটিলতা, অতিরিক্ত ব্যয় এবং প্রশাসনিক অদক্ষতা বাণিজ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা কমিয়ে দেয়। আধুনিক ডিজিটাল ব্যবস্থাপনা, দ্রুত কাস্টমস ক্লিয়ারেন্স, আন্তর্জাতিক মানের কার্গো হ্যান্ডলিং এবং যৌক্তিক বন্দর মাশুল নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বন্দরের পরিচালনায় জবাবদিহি ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়াতে হবে।
মোংলা বন্দরের উন্নয়নের সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিল্পায়নের বিষয়টিও গভীরভাবে সম্পর্কিত। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং আশপাশের জেলাগুলোতে শিল্প ও বাণিজ্যিক কর্মকাণ্ড সম্প্রসারণ করা না গেলে বন্দরের পূর্ণ সক্ষমতা ব্যবহার করা কঠিন হবে। একটি আধুনিক বন্দর তখনই অর্থনীতিতে ব্যাপক অবদান রাখতে পারে, যখন তার পেছনে শক্তিশালী শিল্প ও বাণিজ্যিক অঞ্চল গড়ে ওঠে। এজন্য রপ্তানিমুখী শিল্প, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, মৎস্য ও খাদ্যশিল্প, গুদামজাতকরণ, পরিবহণ এবং লজিস্টিকস খাতে বিনিয়োগ উৎসাহিত করতে হবে। এসব উদ্যোগ স্থানীয় অর্থনীতিকে গতিশীল করার পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।
বিশেষ করে কৃষি ও মৎস্যসম্পদনির্ভর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কৃষিপণ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং রপ্তানির উপযোগী অবকাঠামো গড়ে তোলা যেতে পারে। এতে কৃষক ও উৎপাদকরা ন্যায্যমূল্য পাবেন এবং দেশের রপ্তানি আয় বাড়বে। একই সঙ্গে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য শিল্পাঞ্চল, অর্থনৈতিক অঞ্চল এবং প্রয়োজনীয় ইউটিলিটি সুবিধা নিশ্চিত করা জরুরি।
আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রেও মোংলা বন্দরের বিশেষ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি পেলে এই বন্দর আঞ্চলিক পণ্য পরিবহণের একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হতে পারে। তবে এ ধরনের সম্ভাবনা কাজে লাগাতে হলে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সমঝোতা, পরিবহন সুবিধা, কাস্টমস সমন্বয় এবং সীমান্ত অবকাঠামোর উন্নয়ন প্রয়োজন। আঞ্চলিক সহযোগিতা যেন বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক স্বার্থ ও বন্দর ব্যবহারের সক্ষমতা বৃদ্ধিতে অবদান রাখে, সেটিও নিশ্চিত করতে হবে।
উন্নয়নের পাশাপাশি পরিবেশ সুরক্ষার বিষয়টি কোনোভাবেই উপেক্ষা করা যাবে না। মোংলা বন্দরের নিকটবর্তী সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এই বন উপকূলীয় অঞ্চলকে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি থেকে রক্ষা করে এবং জীববৈচিত্র্যের ভারসাম্য বজায় রাখে। বন্দরের সম্প্রসারণ, জাহাজ চলাচল বৃদ্ধি, শিল্পায়ন ও পণ্য পরিবহণের ফলে পরিবেশের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে। তাই দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা, জাহাজ থেকে নিঃসৃত তেল ও রাসায়নিক পদার্থের ঝুঁকি মোকাবিলা এবং জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে পরস্পরের প্রতিপক্ষ হিসেবে নয়, বরং পরিপূরক হিসেবে বিবেচনা করা প্রয়োজন।
প্রধানমন্ত্রীর মোংলা বন্দরকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার স্বপ্ন নিঃসন্দেহে আশাব্যঞ্জক। কিন্তু স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রয়োজন সুদূরপ্রসারী পরিকল্পনা, সময়মতো প্রকল্প বাস্তবায়ন, দক্ষ ব্যবস্থাপনা, স্বচ্ছতা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয়। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, অনেক উন্নয়ন প্রকল্প সময় ও ব্যয় বৃদ্ধির কারণে প্রত্যাশিত সুফল দিতে পারে না। মোংলা বন্দরের ক্ষেত্রে এ ধরনের পরিস্থিতি এড়াতে নিয়মিত অগ্রগতি পর্যালোচনা এবং প্রকল্প বাস্তবায়নে জবাবদিহি নিশ্চিত করতে হবে।
মনে রাখতে হবে, একটি আধুনিক সমুদ্রবন্দর কেবল পণ্য ওঠানামার কেন্দ্র নয়; এটি শিল্পায়ন, কর্মসংস্থান, বিনিয়োগ, প্রযুক্তিগত উন্নয়ন এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের অন্যতম চালিকাশক্তি। মোংলা বন্দরকে কেন্দ্র করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তার ঘটানো গেলে দেশের রাজধানী ও পূর্বাঞ্চলকেন্দ্রিক উন্নয়নের প্রবণতা কমিয়ে আঞ্চলিক বৈষম্য হ্রাস করা সম্ভব হবে।
অতএব, মোংলা বন্দরের আধুনিকায়নকে বিচ্ছিন্ন অবকাঠামো প্রকল্প হিসেবে না দেখে জাতীয় অর্থনৈতিক রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে বিবেচনা করতে হবে। পরিকল্পিত শিল্পায়ন, উন্নত যোগাযোগব্যবস্থা, দক্ষ বন্দর পরিচালনা এবং পরিবেশ সুরক্ষার সমন্বয় ঘটাতে পারলে মোংলা বন্দর বাংলাদেশের অর্থনীতির নতুন শক্তিকেন্দ্রে পরিণত হতে পারে। তখন এটি শুধু একটি আধুনিক সমুদ্রবন্দরই হবে না, বরং শিল্পায়ন, কর্মসংস্থান, সুষম আঞ্চলিক উন্নয়ন এবং জাতীয় সমৃদ্ধির নতুন প্রবেশদ্বার হয়ে উঠবে।
সৈয়দ তোশারফ আলী : কলামিস্ট, দ্য নিউ নেশন পত্রিকার উপদেষ্টা সম্পাদক
