Logo
Logo
×

Advertisement

উপসম্পাদকীয়

আরব বিশ্ব কি ‘না’ বলতে ভুলে গেছে

Icon

ড. মোস্তফা ফেতুরি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আরব বিশ্ব কি ‘না’ বলতে ভুলে গেছে

Advertisement

সত্তর বছর আগে, ১৯৫৬ সালের ২৯ অক্টোবর, মিসরের সিনাই উপদ্বীপে আগ্রাসন চালায় ইসরাইল। এরই মধ্য দিয়ে সূচনা হয় সুয়েজ সংকটের সামরিক অধ্যায়ের, যা ব্রিটিশ সাম্রাজ্যের পতনের একটি চূড়ান্ত মোড় হিসাবে ব্যাপকভাবে বিবেচিত। ফ্রান্স ও ইসরাইলের যোগসাজশে চালানো এ অভিযান ছিল ব্রিটেনের এক ভয়াবহ রাজনৈতিক ও সামরিক ভুল হিসাব, যা দেশটির সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষা ও প্রকৃত সক্ষমতার মধ্যকার ক্রমবর্ধমান ব্যবধানকে স্পষ্ট করে তোলে। নৌ-শ্রেষ্ঠত্ব, বাণিজ্যিক বিস্তার এবং দুর্দান্ত কূটনৈতিক ও কৌশলগত হিসাব-নিকাশের ওপর ভর করে শত শত বছর ধরে যে দেশটি বিশ্বজুড়ে আধিপত্য গড়ে তুলেছিল, সেই ব্রিটেনের জন্য সুয়েজ অভিযান ছিল এক নজিরবিহীন আত্মঘাতী পদক্ষেপ। মধ্যপ্রাচ্যে নিজেদের কর্তৃত্ব পুনরুদ্ধারের চেষ্টা করতে গিয়ে ব্রিটেন বরং এ সত্যটাই প্রকাশ করে দেয়, সেই কর্তৃত্ব ততদিনে কতটা ক্ষয়ে গেছে।

এক সময় সুয়েজ খাল পাহারা দেওয়ার জন্য মিসরে প্রায় ৮০ হাজার ব্রিটিশ সেনা মোতায়েন ছিল। অথচ খোদ মিসরীয়দেরই খাল এলাকায় প্রবেশ করতে ব্রিটিশদের অনুমতি নিতে হতো-যেন তারা অন্য কোনো দেশে ভ্রমণ করছে! ১৯২২ সালে মিসর আনুষ্ঠানিক স্বাধীনতা লাভ করলেও ব্রিটিশ দখলদারত্বের বাস্তবতা ছিল ঠিক এমনই।

এ সংঘাতের সূত্রপাত ঘটে ১৯৫৬ সালের ২৬ জুলাই, যখন মিসরের প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের সুয়েজ খাল কোম্পানি জাতীয়করণের ঘোষণা দেন। এর পেছনে যেমন ছিল মিসরের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার তাগিদ, তেমনি ছিল অর্থনৈতিক কারণ। আসওয়ান হাই ড্যাম নির্মাণে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন কায়রোকে ঋণ দিতে অস্বীকৃতি জানালে, নাসের এ খালের আয় দিয়েই প্রকল্পটির অর্থায়নের পরিকল্পনা করেন। লন্ডন ও প্যারিসের কাছে এটি শুধু একটি নৌপথের মালিকানা ও পরিচালনাসংক্রান্ত বিরোধ ছিল না; বরং এটি সেই অঞ্চলে তাদের প্রভাবের প্রতি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেয়, যে অঞ্চলটিকে তারা দীর্ঘদিন ধরে নিজেদের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থের কেন্দ্রবিন্দু হিসাবে দেখে আসছে।

কূটনৈতিক সমাধান খোঁজার অজুহাতে আগস্ট মাসে লন্ডনে একটি আন্তর্জাতিক সম্মেলন ডাকে ব্রিটেন, অথচ ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্থনি ইডেন তখন নাসেরকে ক্ষমতা থেকে সরাতে বদ্ধপরিকর। বিষয়টি তখন আর শুধু খালের মধ্যে সীমাবদ্ধ ছিল না; এটি রূপ নেয় মিথ্যা অজুহাতে সরকার পরিবর্তনের ষড়যন্ত্রে। সে সময় ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী অ্যান্থনি নাটিংয়ের ভাষ্য অনুযায়ী, ইডেন তাকে বলেন, ‘আমি চাই তাকে (নাসেরকে) হত্যা করা হোক, তুমি কি বুঝতে পারছ না?’ পাশাপাশি এটি কেন করা উচিত নয়, তা মন্ত্রিসভায় এসে ব্যাখ্যা করার জন্যও নাটিংকে চ্যালেঞ্জ জানান ইডেন।

সুয়েজ আগ্রাসনের প্রতিবাদে নাটিং পরে পদত্যাগ করেন। এদিকে, নাসেরের ঘনিষ্ঠ এক কথিত গুপ্তচরের (যার সাংকেতিক নাম ছিল ‘লাকি ব্রেক’) বরাতে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআইসিক্সের প্রতিবেদনে দাবি করা হয়, মিসরীয়রা ব্রিটিশ হস্তক্ষেপকে স্বাগত জানাবে এবং নাসেরের বিরুদ্ধে বিদ্রোহ করবে। ইতিহাসবিদরা পরে প্রশ্ন তোলেন, আদৌ এমন কোনো সূত্রের অস্তিত্ব ছিল কিনা। তাদের ধারণা, ইডেন যা শুনতে চেয়েছিলেন, তা শোনানোর জন্যই হয়তো এটি সাজানো হয়। এ অনুমান চরমভাবে ভুল প্রমাণিত হয়। বিভ্রান্তিকর গোয়েন্দা তথ্যের একই চিত্র আবারও ফিরে আসে ২০০৩ সালে, যখন ইরাকে আগ্রাসন ও দখলদারত্বের যৌক্তিকতা প্রমাণে দেশটিতে গণবিধ্বংসী অস্ত্রের মজুত থাকার দাবি তোলে ব্রিটেন ও যুক্তরাষ্ট্র। কথিত সেই অস্ত্রের ভান্ডার কখনোই পাওয়া যায়নি। পরে নিশ্চিত হওয়া যায়, ইরাকে হামলার পুরো ভিত্তিই ছিল সাজানো গোয়েন্দা তথ্য।

তবে প্রকাশ্য এ কূটনৈতিক প্রক্রিয়ার আড়ালে ব্রিটেন ও ফ্রান্স গোপনে ইসরাইলের সঙ্গে মিলে নাসেরকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা আঁটে। ২২ থেকে ২৪ অক্টোবর ফ্রান্সের সেভ্র শহরে হওয়া গোপন চুক্তি অনুযায়ী, ইসরাইল সিনাইয়ে হামলা চালাবে এবং এমন এক নতুন পরিস্থিতি তৈরি করবে, যা ব্রিটিশ ও ফরাসি সামরিক হস্তক্ষেপের অজুহাত জোগাবে। তাদের মূল লক্ষ্য ছিল শুধু সুয়েজ খালের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার নয়, বরং নাসেরকে চিরতরে ক্ষমতা থেকে উৎখাত করা; একইসঙ্গে এ অঞ্চলে গড়ে ওঠা প্রতিরোধ-চেতনা গুঁড়িয়ে দিয়ে প্রমাণ করা, পুরোনো ঔপনিবেশিক শক্তিগুলো এখনো টিকে আছে এবং তারা নিজেদের ক্ষমতা ও প্রভাব ছেড়ে দিতে প্রস্তুত নয়। ২৪ অক্টোবর এ প্রটোকল স্বাক্ষরিত হয়। ২৯ অক্টোবর ইসরাইল হামলা শুরু করে এবং ৩১ অক্টোবর থেকে মিসরে বোমাবর্ষণ শুরু করে ব্রিটিশ ও ফরাসি বাহিনী।

আগ্রাসনের আগে একটি চমকপ্রদ সতর্কবার্তাও আসে। মিসরীয় গোয়েন্দা প্রধান আমিন হুয়েইদির তথ্যমতে, ইসরাইলি হামলার দুদিন আগেই প্যারিসে নিযুক্ত মিসরের সামরিক অ্যাটাশে এ তিন দেশের গোপন যোগসাজশের খবর কায়রোয় পাঠান। জানা যায়, নাসের প্রাথমিকভাবে তা বিশ্বাস করেননি। প্রকাশ্যে ব্রিটেন ও ফ্রান্স তাদের হস্তক্ষেপকে বিবদমান পক্ষ দুটিকে আলাদা করার প্রচেষ্টা হিসাবে ব্যাখ্যা করে। কিন্তু প্রকৃতপক্ষে এটি ছিল মিসরের সার্বভৌমত্বের ওপর একটি সমন্বিত হামলা।

প্রাথমিক সামরিক সাফল্য সত্ত্বেও ওয়াশিংটনের ক্রমবর্ধমান চাপ, সোভিয়েত হুমকি এবং আন্তর্জাতিক নিন্দার মুখে ব্রিটেন ও ফ্রান্স তাদের অভিযান স্থগিত করতে বাধ্য হয়। জাতিসংঘ সাধারণ পরিষদ যুদ্ধবিরতি ও বিদেশি সেনা প্রত্যাহারের আহ্বান জানায় এবং এ প্রক্রিয়া তদারকির জন্য প্রথমবারের মতো ‘জাতিসংঘ জরুরি বাহিনী’ গঠন করে। ১৯৫৬ সালের ২২ ডিসেম্বরের মধ্যে খাল এলাকা থেকে সেনা প্রত্যাহার করে নেয় ব্রিটেন ও ফ্রান্স, আর ১৯৫৭ সালের মার্চে সিনাই থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন করে ইসরাইল। নাসের ক্ষমতায় টিকে থাকেন এবং খালের নিয়ন্ত্রণ মিসরের হাতেই থেকে যায়। এ ফলাফল পুরোনো ঔপনিবেশিক শক্তিগুলোর জন্য ছিল এক বড় রাজনৈতিক বিপর্যয়। এটি প্রমাণ করে, সামরিক শ্রেষ্ঠত্ব থাকলেই নিজেদের রাজনৈতিক ইচ্ছা চাপিয়ে দেওয়ার নিশ্চয়তা মেলে না।

ব্রিটেনের এ অপমান শুধু সামরিক অভিযানের ব্যর্থতা কিংবা রাজনৈতিক লক্ষ্য হারানোর মধ্যেই সীমাবদ্ধ ছিল না। আগ্রাসী বাহিনীকে সাধারণ মিসরীয়দের, বিশেষ করে পোর্ট সাঈদের মানুষের তীব্র প্রতিরোধের মুখে পড়তে হয়। সেখানে সাধারণ নাগরিক ও স্থানীয় প্রতিরোধ যোদ্ধারা দখলদার বাহিনীকে মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের এ দৃঢ় অবস্থান স্পষ্ট করে দেয়, সামরিক দখলদারত্বের মাধ্যমে ব্রিটেন ও ফ্রান্স আর মিসরের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবে না। এ সংকট থেকে নাসের আরও শক্তিশালী হয়ে উঠে আসেন-শুধু মিসরের নেতা হিসাবে নয়, বরং গোটা আফ্রিকা ও আরব বিশ্বে ঔপনিবেশিক আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হিসাবেও।

ব্রিটেনের ক্ষেত্রে সুয়েজ সংকট তার সাম্রাজ্যবাদী শক্তির সীমাবদ্ধতাকে এমনভাবে প্রকাশ করে দেয়, যা আর লুকিয়ে রাখার উপায় ছিল না। এটি বিশ্বমঞ্চে ব্রিটেনের পুরোনো অবস্থান থেকে পিছু হটার প্রক্রিয়াকে চূড়ান্তভাবে ত্বরান্বিত করে এবং বিশ্বের অন্যান্য প্রান্তের স্বাধীনতা আন্দোলনগুলোকে এ বিশ্বাস জোগায় যে, পুরোনো ঔপনিবেশিক শক্তিগুলোকেও চ্যালেঞ্জ করা ও পরাজিত করা সম্ভব। ১৯৭০ সালে মৃত্যুর আগ পর্যন্ত আরও ১৪ বছর ক্ষমতায় থাকেন নাসের। অন্যদিকে, আগ্রাসন ভণ্ডুল হয়ে যাওয়ার মাত্র কয়েক সপ্তাহের মাথায় ১৯৫৭ সালের জানুয়ারিতে পদত্যাগ করতে বাধ্য হন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্থনি ইডেন। এ দুই নেতার বিপরীত পরিণতি সুয়েজ সংকটের ফলাফলের অন্যতম স্থায়ী প্রতীকে পরিণত হয়।

সত্তর বছর পর আজকের আরব রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে সেই সময়ের বৈপরীত্যটা একদম স্পষ্ট। যে অঞ্চল একসময় ঔপনিবেশিক শক্তিগুলোর বিরুদ্ধে মিসরের দৃঢ় অবস্থান দেখেছে, গাজায় ইসরাইলের ধ্বংসযজ্ঞের জবাবে আজ সেই অঞ্চলের বেশির ভাগ আরব সরকারের মধ্যেই কার্যকর পদক্ষেপ নেওয়ার চরম অনীহা দেখা যায়। সামরিক ও অর্থনৈতিক শক্তিতে বিশাল ভারসাম্যহীনতা থাকা সত্ত্বেও নাসের ব্রিটেন, ফ্রান্স ও ইসরাইলের মোকাবিলা করেন; অথচ আজকের আরব রাজধানীগুলো নিজেদের মূলত বিবৃতি, কূটনৈতিক আবেদন এবং উদ্বেগ প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ রাখছে। ১৯৫০-এর দশকের ভূরাজনীতি আর আজকের বাস্তবতা অনেক ভিন্ন হলেও মূল প্রশ্নটি এখনো আগের মতোই রয়ে গেছে-১৯৫০ সালের নিজস্ব যৌথ প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী আরব সরকারগুলো কি সম্মিলিতভাবে তাদের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত?

সুয়েজ সংকট প্রমাণ করে, দৃঢ় প্রতিরোধের মুখে পড়লে শক্তিশালী রাষ্ট্রগুলোও পিছু হটতে বাধ্য হয়। এর শিক্ষা ছিল দুটি-বৈধতা আসে জনগণের কাছ থেকে, আর প্রতিরোধ শেষ পর্যন্ত বিজয় এনে দেয়। সত্তর বছর আগে পশ্চিমা বিশ্বকে স্পষ্ট ‘না’ জানিয়ে দেওয়া হয়, আর তারা তা মেনে নিতেও বাধ্য হয়। আজ গাজা আরও অনেক বেশি অস্বস্তিকর এক প্রশ্ন সামনে নিয়ে আসছে : আরব দুনিয়ার সরকারগুলোর মধ্যে সেই দৃঢ় মনোবলের ছিটেফোঁটাও কেন আর অবশিষ্ট নেই?

মিডল ইস্ট মনিটর থেকে ভাষান্তর : পরম ওয়াজেদ শিকদার

ড. মোস্তফা ফেতুরি : লিবীয় শিক্ষাবিদ ও ফ্রিল্যান্স সাংবাদিক; ইইউ’র ফ্রিডম অব দ্য প্রেস পুরস্কার জয়ী

Advertisement

Advertisement

আরও পড়ুন

অন্তহীন সমস্যার দেশে

অন্তহীন সমস্যার দেশে

রোহিঙ্গা গণহত্যা : ন্যায়বিচারের পথে নতুন দিগন্ত

রোহিঙ্গা গণহত্যা : ন্যায়বিচারের পথে নতুন দিগন্ত

আরব বিশ্ব কি ‘না’ বলতে ভুলে গেছে

আরব বিশ্ব কি ‘না’ বলতে ভুলে গেছে

হালফিল বয়ান মওলানা ভাসানীকে কেন মনে রাখব

মওলানা ভাসানীকে কেন মনে রাখব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম