সাক্ষাৎকার
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নিজেদের পরিকল্পনা বাস্তবায়নই জরুরি: ড. আইনুন নিশাত
খালিদ বিন আনিস
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ। দীর্ঘদিন ধরে জাতিসংঘের জলবায়ু সম্মেলনগুলোতে (কপ) বাংলাদেশের প্রতিনিধিত্ব ও নীতিনির্ধারণী পর্যায়ে কাজ করছেন পানিসম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত। বৈশ্বিক জলবায়ু রাজনীতি, ক্ষতিপূরণ তহবিল এবং বাংলাদেশের অভ্যন্তরীণ প্রস্তুতি ও সমন্বয়হীনতা নিয়ে সম্প্রতি যুগান্তরের মুখোমুখি হয়েছিলেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন খালিদ বিন আনিস
যুগান্তর : আপনি দীর্ঘদিন ধরে কপ সম্মেলনগুলোতে সরাসরি অংশগ্রহণ করছেন। শুরুর দিকের সম্মেলনগুলোর তুলনায় বর্তমানের সম্মেলনগুলোতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আপনি কতটা বাস্তবসম্মত ও দৃশ্যমান অগ্রগতি দেখছেন?
ড. আইনুন নিশাত : পৃথিবী অত্যন্ত দ্রুত এগোচ্ছে। এ সমস্যাটি শুধু বাংলাদেশ কিংবা কোনো একটি নির্দিষ্ট দেশের নয়; বরং পৃথিবীর প্রতিটি দেশের। কাজেই বিশ্বের দেশগুলো একত্রিত হয়ে এটি মোকাবিলা করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। এ বিষয়টির প্রকৃত অনুধাবন শুরু হয় ১৯৮৭-৯০ সালের দিকে। যদিও জলবায়ু পরিবর্তনের কারণটি ঘটছে শিল্পায়ন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে-অর্থাৎ ১৭৫০ ও ১৯৬০-এর দশক থেকে-কিন্তু এর প্রভাব জোরদার হয়েছে বিংশ শতাব্দীর মাঝামাঝি থেকে শেষের দিকে। ১৯৭৮-৭৯ সালের দিকে বৈশ্বিক সম্মেলন হলেও তখন বিজ্ঞানভিত্তিক প্রমাণ খুব একটা জোরালো ছিল না। পরবর্তী সময়ে, ১৯৮৮-৮৯ সালে সিদ্ধান্ত হলো, বিজ্ঞানটাকে সুস্পষ্ট ও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে। সেই লক্ষ্যে একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হলো, যার নাম ‘ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ’ বা আইপিসিসি। বাংলাদেশও এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। আইপিসিসি ১৯৯০ সালে তাদের প্রথম প্রতিবেদন প্রকাশ করে, যাকে ‘ফার্স্ট অ্যাসেসমেন্ট রিপোর্ট’ বলা হয়।
সেখানে তারা বলেছিল, বৈশ্বিক উষ্ণতা বাড়ছে, তবে শুধু মানুষের কর্মকাণ্ডের জন্যই এটি ঘটছে কিনা সে ব্যাপারে তখন নিশ্চিত হওয়া যায়নি। মানুষের কারণেই যে এটি ঘটছে, তা নিশ্চিত হয়ে ২০০৭ সালে চতুর্থ প্রতিবেদনে প্রমাণ আসে। কিন্তু ১৯৯০ সালেই পৃথিবী ঘোষণা করেছিল, সংকটটি ঘটবে এবং তা জেনেই আমাদের এর মোকাবিলার জন্য প্রস্তুতি নিতে হবে।
যুগান্তর : যদি বিষয়টি আরেকটু বিস্তারিত বলতেন...
ড. আইনুন নিশাত : মূলত চারটি ব্লকে সিদ্ধান্ত গৃহীত হয় : ১. প্রশমন : গ্রিনহাউজ গ্যাসের কারণে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে, কাজেই গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমাতে হবে। ২. অভিযোজন : জলবায়ু পরিবর্তনের ফলে যে বিরূপ প্রতিক্রিয়া হবে, সেগুলো মোকাবিলার জন্য কাজ করতে হবে। ৩. অর্থায়ন : প্রশমন কিংবা অভিযোজন উভয় কাজেই প্রচুর অর্থের প্রয়োজন। ১৯৯২ সালে উন্নত বিশ্ব মেনে নেয় যে, যেহেতু এ সংকটের জন্য তারাই প্রধানত দায়ী, তাই তারাই এ অর্থের জোগান দেবে। এর জন্য নির্ধারিত দেশগুলোকে আমরা বলি ‘অ্যানেক্স ওয়ান কান্ট্রি’। আর আমরা হচ্ছি ‘নন-অ্যানেক্স ওয়ান কান্ট্রি’, অর্থাৎ ওই দায়বদ্ধ দেশের তালিকায় আমরা নেই। ৪. প্রযুক্তি ও সক্ষমতা : এই লক্ষ্য অর্জন করতে গেলে প্রযুক্তির দরকার হবে, যোগ্যতার দরকার হবে এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে হবে।
এ চারটি বিষয়ে ১৯৯২ সাল থেকে আলোচনা শুরু হয় এবং ১৯৯৫ সাল থেকে প্রতিবছরই কপ সম্মেলনে আলোচনা হচ্ছে। কপের মূল উদ্দেশ্য হলো, গৃহীত সিদ্ধান্তগুলো কতটুকু বাস্তবায়িত হলো তা পর্যালোচনা করা এবং ভবিষ্যতে কী পদক্ষেপ নিতে হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া। ইতোমধ্যে এ ব্লকগুলো আরও বিস্তৃত হয়েছে। যেমন, ক্যাপাসিটি বিল্ডিং এবং টেকনোলজি ট্রান্সফারকে আলাদা করা হয়েছে। আবার ‘কমপ্লায়েন্স মেকানিজম’ যুক্ত করা হয়েছে-অর্থাৎ অনুন্নত বা উন্নয়নশীল দেশ হিসাবে আমরা প্রদত্ত অর্থ কতটুকু সঠিকভাবে খরচ করতে পারলাম, তা যাচাই করা।
এর সঙ্গে এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যোগ হয়েছে, তা হলো ‘লস অ্যান্ড ড্যামেজ’-অর্থাৎ ক্ষয় ও ক্ষতি। যেমন ধরুন, একটি বড় মাত্রার ঘূর্ণিঝড় হলো; আমি আশ্রয়কেন্দ্রে গেলাম এবং আমার জীবন বেঁচে গেল। কিন্তু বাড়ি ফিরে দেখলাম, আমার ঘরবাড়ি সব ভেঙে গেছে, ধানের খেত নোনা পানিতে ডুবে আছে এবং মাছের পুকুর ভেসে গেছে। এই যে অপূরণীয় ক্ষতি, এর জন্য উন্নত বিশ্বকে জবাবদিহিতার মুখে দাঁড় করানো হয়েছে। কারণ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য উন্নত বিশ্বই দায়ী এবং বর্তমানে যে ঘূর্ণিঝড়গুলো হচ্ছে, তা আগের তুলনায় অনেক বেশি তীব্র মাত্রায় আঘাত হানছে।
যুগান্তর : জলবায়ু তহবিল ছাড় এবং এর ব্যবহারের ক্ষেত্রে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলো কী ধরনের বাস্তব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে?
ড. আইনুন নিশাত : এর মধ্যে কিছু বিষয়ের বিস্তারিত রূপরেখা তৈরি হয়ে গেছে, আবার কিছু বিষয়ের কাজ এখনো চলছে; যেমন ‘লস অ্যান্ড ড্যামেজ’ তহবিলের বিস্তারিত কাঠামো এখনো চূড়ান্ত হয়নি। আর অর্থায়নের ক্ষেত্রে উন্নত বিশ্বকে অর্থ দিতে হবে, যাতে আমাদের মতো দেশগুলো অভিযোজনের কাজ করতে পারে। কিন্তু এ প্রক্রিয়াটি অত্যন্ত ধীরগতিতে এগোচ্ছে। উন্নত দেশগুলো যেটুকু অর্থ দিচ্ছে, তা ঠিকমতো বিতরণ হচ্ছে না এবং আমাদের মতো দেশগুলো তা পাচ্ছে না। তারা অজুহাত দেখায়, তোমাদের এই অর্থ ব্যবহার করার সক্ষমতা নেই। দুঃখজনক হলেও কথাটি প্রায়ই সত্যি। কারণ আমাদের এখানে দেখা যায়, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, সচিব ও মন্ত্রীরা দলবেঁধে কপে যাচ্ছেন; কিন্তু সম্মেলন থেকে দেশে ফিরে এসে তারা বাস্তবে কিছুই করছেন না।
যুগান্তর : বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির বর্তমান গতি অব্যাহত থাকলে বাংলাদেশসহ বিশ্বে কী ধরনের বিরূপ প্রভাব পড়বে বলে আপনি আশঙ্কা করছেন?
ড. আইনুন নিশাত : পৃথিবী দ্রুত এগোচ্ছে, কারণ, এ বিপদটি পৃথিবীর অস্তিত্বের জন্য হুমকি। ১৯৯২ সালের চুক্তির পর ১৯৯৭ সালে কিয়োটো প্রোটোকল এবং ২০১৫ সালে প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয়। প্যারিস চুক্তিতে বিজ্ঞানভিত্তিক গবেষণার ওপর প্রচুর জোর দেওয়া হয়েছে। বর্তমানে অনুমান করা হচ্ছে, পৃথিবীর গড় তাপমাত্রা ইতোমধ্যে ১.২ থেকে ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। বিশ্ব যদি এটি নিয়ন্ত্রণ করতে না পারত, তবে এ শতাব্দীর শেষে তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেত।
পৃথিবী তাপমাত্রা কমানোর অনেক চেষ্টা করছে, যদিও প্রতিটি দেশের নিজস্ব কিছু সীমাবদ্ধতা ও অগ্রাধিকার রয়েছে। এ অগ্রাধিকারগুলোকে সমন্বয় করে বিশ্বের সঙ্গে একসঙ্গে কাজ করার পদ্ধতিকে ‘জাস্ট ট্রানজিশন’ বলা হয়। বর্তমানে ধারণা করা হচ্ছে, তাপমাত্রা ৬ ডিগ্রি না বাড়লেও এ শতাব্দীর শেষে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে, যা কৃষির ক্ষেত্রে মারাত্মক বিরূপ প্রভাব ফেলবে। আমরা ইতোমধ্যেই দেখতে পাচ্ছি, আমাদের দেশে খরা বেড়েছে, বন্যার প্রকোপ বাড়ছে, অল্প সময়ে বেশি বৃষ্টি হচ্ছে এবং অসময়ে বৃষ্টি হচ্ছে। ফলে খাদ্যঘাটতি দেখা দেবে এবং খাদ্যনিরাপত্তা বড় সংকটে পড়বে। জনস্বাস্থ্যের ক্ষেত্রে নানা ধরনের সমস্যা তৈরি হবে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে উপকূলীয় এলাকা ডুবে যাবে। ইতোমধ্যে আমাদের উপকূলীয় অঞ্চল অমাবস্যা-পূর্ণিমার জোয়ারে তলিয়ে যায়।
পৃথিবী সমস্যাটিকে স্বীকৃতি দিয়েছে এবং কপ আলোচনার নিয়ম হলো, সব দেশ সর্বসম্মত হলে তবেই সিদ্ধান্ত হয়। ১৯৮টি দেশকে প্রতিটি বিষয়ে একমত হতে হয়, যা অত্যন্ত কঠিন কাজ হলেও তা হচ্ছে। তবে আমরা দ্রুত কার্যকর পদক্ষেপ চাই। উন্নত বিশ্বকে তাদের দায়িত্ব নিয়ে আরও দ্রুত গ্রিনহাউজ গ্যাস কমাতে হবে। আমাদের এখানে গ্যাস কমানোর সুযোগ সীমিত। কারণ, আমরা খুব সামান্য পরিমাণ গ্যাস উৎপাদন করি। কিন্তু অভিযোজনের ক্ষেত্রে আমাদের কাজ অনেক বেশি, কারণ জলবায়ু পরিবর্তনের ফলে যে দেশগুলো সবচেয়ে বেশি ভুগবে, বাংলাদেশ তার মধ্যে অন্যতম প্রধান।
অর্থায়নের ক্ষেত্রে বিশ্ব অনেক তহবিল তৈরি করেছে এবং আমরা দাবি করছি সেখানে আরও অর্থ জমা দেওয়ার জন্য। যেমন-গতবার তারা সিদ্ধান্ত নিয়েছে আগের প্রতিশ্রুতির তুলনায় তিনগুণ বেশি, অর্থাৎ বছরে ৩০০ বিলিয়ন ডলার দেওয়ার। কিন্তু সেই অর্থ কি এখনো জমা পড়েছে? পড়েনি। তাছাড়া আমাদের বক্তব্য হলো, অভিযোজনের জন্য প্রদত্ত অর্থ হতে হবে সম্পূর্ণ ঋণমুক্ত। কিন্তু দাতা দেশগুলো সেখানেও গড়িমসি করছে। আমি মনে করি, বাংলাদেশের কাজ হবে বিশ্ব কী করছে তার সঙ্গে তাল মেলানো এবং সেদিকে নজর রাখা; কিন্তু আসল কাজটি করতে হবে নিজের দেশের ভেতরে, যে ব্যাপারে আমাদের অগ্রগতি খুবই খারাপ।
যুগান্তর : আগামী কপ সম্মেলনগুলোতে আমাদের ওপর যে বৈষম্যের বিষয়টি রয়েছে-অর্থাৎ অনুদানের বদলে আমাদের ওপর ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে-এ বিষয়ে আপনার পর্যবেক্ষণ কী?
ড. আইনুন নিশাত : কপ সরাসরি আমাদের ওপর ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে না। জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের দেশে বন্যা নিয়ন্ত্রণ ও খাবার পানির সরবরাহের মতো অতিরিক্ত যে অভিযোজনমূলক কাজগুলো করতে হচ্ছে, তার জন্য আমরা ঋণমুক্ত অনুদান চাচ্ছি। দাতাদের বক্তব্য হলো, এ তহবিলটি পরিচালনা করতে একটি খরচ আছে। সেজন্য তারা অতি স্বল্পসুদে ঋণ দিতে চাচ্ছে, যার হার ০.০৫ শতাংশ-অর্থাৎ ১ শতাংশেরও কম।
অন্যদিকে, ‘মিটিগেশন’ বা বাণিজ্যিক শিল্পায়নের জন্য সবুজ প্রযুক্তির (গ্রিন টেকনোলজি) যে তহবিল রয়েছে, উন্নত বিশ্ব তা দিতে প্রস্তুত থাকলেও আমরা তা গ্রহণ করতে পারছি না। এক্ষেত্রে বিশ্বকে যতটা দোষ দেব, তার চেয়ে বেশি দায় নিতে হবে আমাদের নিজেদের। আমাদের কাজ তো আমাদেরই করতে হবে, কেউ বিদেশ থেকে এসে তা করে দিয়ে যাবে না। নাগরিক সমাজ বা এনজিওগুলো প্রায়ই বিশ্বকে দায়ী করে চিৎকার করে। আমি নিজেও দীর্ঘদিন এনজিওতে কাজ করছি, আমি সরকারি কেউ নই। বুয়েটের শিক্ষকতার পর বাকি জীবনটা এনজিওতেই কাটালাম। কিন্তু অন্যকে দায় দেওয়ার আগে নিজের কাজটি আমি সঠিকভাবে করেছি কি না, সবার আগে সেই উত্তর খুঁজতে হবে।
যুগান্তর : আগামী দিনে আমাদের জলবায়ু কূটনীতি বা কৌশল কেমন হওয়া উচিত এবং নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে কী ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন?
ড. আইনুন নিশাত : আমাদের যেসব কাজ করতে হবে, তার প্রতিটির জন্য জাতীয় পরিকল্পনা তৈরি করে বিশ্বের কাছে জমা দেওয়া হয়েছে এবং আন্তর্জাতিক মহল তার প্রশংসাও করেছে। আমাদের ‘ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান’ (ন্যাপ) আছে; প্রশমনের জন্য ‘ন্যাশনাল মিটিগেশন প্ল্যান’ আছে, যাকে ‘এনডিসি’ ডকুমেন্ট বলা হয়। এটি আমরা ইতোমধ্যে তিনবার হালনাগাদ করে তৃতীয় ডকুমেন্ট জমা দিয়েছি। প্রযুক্তি হস্তান্তর থেকে শুরু করে তহবিল ব্যবহারের জন্য সবকিছুই করা হয়েছে।
কিন্তু পরিকল্পনা কাগজে-কলমে থাকলে তো হবে না। আপনি যদি পরীক্ষার আগের রাতে বই বালিশের তলায় রেখে ঘুমান, তবে কি পড়া হবে? হবে না। আপনাকে তো পড়তে হবে, কারণ বইয়ের ভেতরেই উত্তর আছে। আমাদের প্রতিটি কাজের জাতীয় পরিকল্পনা বই আকারে রয়েছে। দুঃখজনক বিষয় হলো, এ পরিকল্পনাগুলোর অধিকাংশই ইউএনডিপি, ডব্লিউএইচও কিংবা এ ধরনের কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান তৈরি করে দিয়েছে এবং সরকার তা অনুমোদন করেছে। এখন এ পরিকল্পনাগুলো সঠিকভাবে বাস্তবায়নের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন আন্তঃমন্ত্রণালয় যোগাযোগ ও সমন্বয়। আমাদের এখানে প্রতিটি মন্ত্রণালয় আলাদা। একই সচিবালয়ে ঠিকই, কিন্তু ভবনগুলো আলাদা-এক ভবনের সঙ্গে আরেক ভবনের কোনো কার্যকর যোগাযোগ নেই।
তাই বিশ্বকে দায় তো আমরা দেবই, এনজিও বা সিভিল সোসাইটিও চিৎকার করবে; কিন্তু দাতা দেশগুলো যখন পালটা প্রশ্ন করে-‘তুমি এটার ব্যাপারে কী করেছ?’-তখন আমাদের চুপ করে থাকতে হয়। এ অবস্থার উত্তরণ ঘটাতে হবে।
যুগান্তর : আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ড. আইনুন নিশাত : ধন্যবাদ।
