Logo
Logo
×
   

Advertisement

যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই চায় না হুথিরা: ট্রাম্প

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ এএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই চায় না হুথিরা: ট্রাম্প

Advertisement

মার্কিন মিত্র সৌদি আরবের ওপর একের পর এক হামলা জোরদার করলেও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক সংঘাতে জড়াতে চায় না ইয়েমেনের ইরান-সমর্থিত গোষ্ঠী হুথিরা।

রোববার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের বরাতে ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইয়িংস্ট বলেন, ওয়াশিংটন ‘হুথিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই না করতে রাজি হয়েছে।’

এর আগেও ট্রাম্প দাবি করেছিলেন, হুথিরা মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর হামলা করা থেকে বিরত রয়েছে।

১২ সেপ্টেম্বর আয়ারল্যান্ড সফরের সময় ট্রাম্প বলেছিলেন, ‘হুথিরা আমাদের ফোন করে জানিয়েছে, তারা আমাদের সঙ্গে লড়াই করতে চায় না। তারা চায় না যে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই।’

ফক্স নিউজে ট্রাম্পের সর্বশেষ মন্তব্য এমন এক সময়ে এল, যখন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব অব্যাহতভাবে চাপের মুখে রয়েছে। গতকাল শনিবার সৌদির রাজধানী রিয়াদের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে হুথিরা।

এদিকে ঝটিকা হামলা চালিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সৌদি–সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর কাছ থেকেও বিভিন্ন এলাকা দখল করে নিচ্ছে হুথিরা।

ফক্স নিউজ জানিয়েছে, ইরান নিয়ে ট্রাম্প এখন ‘সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে’ রয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানের ওপর হামলা শুরু করে। প্রায় সাত মাস পূর্ণ হতে চলা এ যুদ্ধ শেষ করা নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে অচলাবস্থা তৈরি হয়েছে।

ইয়িংস্ট জানান, ট্রাম্প তাকে বলেছেন, ‘অদূর ভবিষ্যতে বড় কিছু ঘটতে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ইরানিদের ‘ভালো আচরণ করাই মঙ্গলজনক’। তা ছাড়া ইরানকে ধ্বংস করে দেওয়া হবে কি না, তা নিয়েও ভাবছেন ট্রাম্প।

সূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম