আইনি পেশা ছেড়ে কুকুর হাঁটিয়েই লাখপতি নারী!
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
কর্পোরেট জীবনের প্রচণ্ড চাপ আর মানসিক অবসাদ কাটাতে আইনজীবী পেশা ছেড়ে সম্পূর্ণ ভিন্ন এক পথ বেছে নিয়েছেন যুক্তরাজ্যের ৩০ বছর বয়সি এক নারী। লিজ ইস্ট নামের ওই নারী এখন পেশাদার কুকুর হাঁটনো বা ‘ডগ ওয়াকার’ হিসেবে কাজ করছেন। আর এতে তিনি আগের চেয়ে অনেক কম কাজ করে প্রতি মাসে লাখ লাখ টাকা আয় করছেন।
পিপল ম্যাগাজিনের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
এর আগে চার বছর ধরে ফৌজদারি মামলা ও অপরাধ দমন সংক্রান্ত আইনি সেবায় (ক্রিমিনাল ডিফেন্স) যুক্ত ছিলেন লিজ। প্রশাসনিক কাজ থেকে শুরু করে আদালতে যাওয়া, এমনকি কারাগারে গিয়ে মক্কেলদের সঙ্গে কথা বলা—সবকিছুই করতে হতো তাকে। তবে এই কাজের মাত্রাতিরিক্ত চাপ তার মানসিক শান্তি কেড়ে নিয়েছিল।
লিজ জানান, দীর্ঘ সময় কাজ এবং লন্ডনের ব্যস্ত জীবনযাত্রার কারণে তার জীবন প্রায় স্থবির হয়ে পড়েছিল। মাঝেমধ্যে রাত ৯টা বা ১০টা বেজে যেত বাসায় ফিরতে। তার মনে হয়েছিল, এই জীবন পরিবার গঠনের জন্য একেবারেই টেকসই নয়। অতিরিক্ত চাপের কারণে তিনি একসময় পুরোপুরি মানসিক অবসাদের (বার্নআউট) শিকার হওয়ার ভয় পেয়েছিলেন।
এরই মধ্যে তার স্বামীর ডগ ওয়াকিং ও ডগ বোর্ডিংয়ের ব্যবসা দেখে তার মনে অনুপ্রেরণা জাগে। তিনি ভাবলেন, স্বামী যদি নিজের কাজ এত ভালোবেসে করতে পারেন, তবে তিনি কেন ছুটির দিনেও কাজের ভয়ে মন খারাপ করে থাকবেন?
এরপরই তিনি বড় সিদ্ধান্ত নেন। নিজের ব্যবসার কাস্টমার বা মক্কেল জোগাড় করার সময় খরচ চালানোর জন্য প্রথমে একটি স্থানীয় পাবে চাকরি নেন তিনি। এভাবে মাত্র এক বছরের মধ্যে তার নিয়মিত ব্যবসার পরিধি বেশ বড় হয়ে যায়।
বর্তমানে লিজ প্রতিদিন চারটি দলে ভাগ করে প্রায় ২০ থেকে ৩০টি কুকুর নিয়ে হাঁটেন। প্রতি কুকুরের জন্য ঘণ্টায় ১৪ পাউন্ড করে নিয়ে তার প্রতিদিন প্রায় ৩০০ থেকে ৪০০ পাউন্ড আয় হয়।
অনেকেই তাকে প্রশ্ন করেন, এত পড়াশোনা করে শেষ পর্যন্ত কুকুর হাঁটার কাজ বেছে নিলেন?
উত্তরে লিজ বলেন, ‘অনেকে মনে করেন এই পেশায় আয় কম। কিন্তু আমি কর্পোরেট চাকরির চেয়ে এখন অর্ধেক সময় কাজ করে তার চেয়ে অনেক বেশি টাকা আয় করছি। আইন পড়ার দিনগুলোকে আমি নষ্ট মনে করি না, কারণ সেখান থেকে শেখা অভিজ্ঞতা এখনো আমার নানা কাজে লাগে।’
তবে এই পেশায় আসার জন্য কেবল অর্থের পিছু ছুটলে চলবে না বলে সতর্ক করেছেন লিজ। তার মতে, কুকুর ও প্রকৃতির প্রতি যার নিঃশর্ত ভালোবাসা রয়েছে, কেবল তার জন্যই এই পেশাটি উপযুক্ত।
লিজ বলেন, ‘আমার ডিগ্রিটি সবসময় আমার সঙ্গেই থাকবে, চাইলে আমি যেকোনো সময় আইন পেশায় ফিরে যেতে পারব। যদিও মনে হয় না যে আমার আর কখনো সেখানে ফিরে যাওয়ার প্রয়োজন হবে, কারণ বর্তমান কাজটিকে আমি সত্যি ভীষণ ভালোবাসি।’
সূত্র: এনডিটিভি

