Logo
Logo
×
   

Advertisement

শেষ পাতা

হাতে ভর করেই এভারেস্ট জয়!

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হাতে ভর করেই এভারেস্ট জয়!

দুই পা ছাড়াই এভারেস্ট জয় করে ইতিহাস গড়া সাবেক রুশ সেনা রুস্তাম নাবিয়েভ -সংগৃহীত

Advertisement

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে নতুন ইতিহাস গড়েছেন সাবেক রুশ সেনা রুস্তাম নাবিয়েভ। দুই পা হারানোর পরও কৃত্রিম পা ব্যবহার না করে শুধু দুই হাতের সাহায্যে তিনি এভারেস্টের চূড়ায় পৌঁছেছেন। এর মাধ্যমে পাবিহীন ব্যক্তি হিসাবে তিনিই প্রথমবারের মতো এভারেস্ট জয়ের বিশ্বরেকর্ড গড়লেন। শুক্রবার এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে দুই পা হারানো সাবেক রুশ প্যারাট্রুপার রুস্তাম নাবিয়েভ নেপালে চলমান বসন্তকালীন অভিযানে অংশ নিয়ে বুধবার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন। তার অভিযান থেকে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, রুস্তাম শুধু দুই হাত ব্যবহার করে খুম্বু আইসফলের বিপজ্জনক মইগুলো পার হচ্ছেন। প্রতিবেদনে বলা হয়েছে, রুস্তাম জানিয়েছেন আইসফল পার হয়ে প্রায় ৬০৬৫ মিটার উচ্চতায় অবস্থিত ক্যাম্প-১ এ পৌঁছাতে তার প্রায় ১৫ ঘণ্টা সময় লেগেছে।

দুর্ঘটনায় দুই পা হারানো রুস্তামকে থামিয়ে দিতে পারেনি, বরং তা তাকে আরও দুঃসাহসী ও নির্ভীক করে তুলেছিল। তিনি রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ পর্বত মাউন্ট এলব্রাস আরোহণের মাধ্যমে যাত্রা শুরু করেন। পরে ২০২১ সালে তিনি নেপালে যান এবং বিশ্বের অষ্টম-সর্বোচ্চ পর্বত মাউন্ট মানাসলু (৮.১৬৩ মিটার বা ২৬৭৮১ ফুট) সফলভাবে আরোহণ করেন। ২০২৬ সালে, তিনি তার অন্যতম বড় লক্ষ্য-এভারেস্ট আরোহণ-পূরণের জন্য নেপাল ফিরে যান। তিনি পুরো এপ্রিল এবং মে মাসের প্রথম অর্ধেক সময় কঠোর আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার প্রক্রিয়া এবং বিশ্বের অন্যতম দুঃসাহসিক এই আরোহণের জন্য প্রস্তুতিতে ব্যয় করেন।

বুধবার ঐতিহাসিক এই সাফল্যের পর রুস্তাম ইনস্টাগ্রামে এভারেস্টের চূড়ায় তোলা নিজের একটি ছবি প্রকাশ করেন। ছবিতে থাকা একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, যারা ভেবেছিল পতনের পর জীবন শেষ, এটি তাদের জন্য। রুস্তাম নাবিয়েভ, এভারেস্ট ২০২৬। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘২০ শে মে, নেপাল সময় সকাল ৮:১৬ মিনিটে, পর্বতারোহণের ইতিহাসে প্রথমবারের মতো আমি, রুস্তাম নাবিয়েভ, শুধু আমার হাত ব্যবহার করে এভারেস্টের চূড়ায় পৌঁছেছি! এখন আমাকে দেখছেন এমন প্রত্যেককে এই আরোহণ আমি উৎসর্গ করছি। এ কাজের মাধ্যমে আমি শুধু একটি কথাই বলতে চাই : যতক্ষণ আপনার মধ্যে প্রাণ আছে, লড়াই চালিয়ে যান! দয়া করে শেষ পর্যন্ত লড়াই করুন! এর মূল্য আছে!

এভারেস্ট বেজ ক্যাম্পের ফিল্ড অফিস সমন্বয়ক থিম লাল গৌতম রুস্তামের এই অর্জনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রুস্তাম সফলভাবে এভারেস্ট জয় করেছেন এবং এখন তিনি বেজ ক্যাম্পের দিকে নিচে নেমে আসছেন।

সাবেক রুশ প্যারাট্রুপার রুস্তাম নাবিয়েভ ২০১৫ সালে ঘুমের মধ্যে একটি সামরিক ব্যারাক ধসে পড়ার ঘটনায় তার দুই পা হারান। ওই মর্মান্তিক দুর্ঘটনায় বেশ কয়েকজন সেনা সদস্য নিহত হয়েছিলেন। তবে শারীরিক প্রতিবন্ধকতার কাছে তিনি হার মানেননি। দুই পা হারিয়েও যে পর্বতারোহণের মতো কঠিন কাজ করা সম্ভব, তা তিনি প্রমাণ করেছেন।

এর আগে তিন বছর আগে সাবেক গোর্খা সেনা সদস্য হরি বুধামগর প্রথম ব্যক্তি হিসাবে কৃত্রিম পা ব্যবহার করে এভারেস্ট জয় করেছিলেন। পরবর্তীতে তিনি বিশ্বের সাতটি মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গগুলোও জয় করার কৃতিত্ব অর্জন করেন।

এদিকে, বুধবার একদিনেই রেকর্ড ২৭০ জন পর্বতারোহী এভারেস্টের চূড়ায় পৌঁছেছেন। চলতি বসন্তকালীন পর্বতারোহণ মৌসুমে ৪৯০ জনেরও বেশি পর্বতারোহী এভারেস্ট অভিযানের অনুমতি পেয়েছেন এবং চূড়ায় ওঠার এই প্রচেষ্টা এখনো অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম