Logo
Logo
×
   

Advertisement

চিত্র বিচিত্র

অনলাইনে অর্ডার

আইফোনের বদলে দাড়ি গজানোর তেল, ক্রেতাকে ১.৮ লাখ রুপি ফেরতের নির্দেশ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১১:০৫ এএম

আইফোনের বদলে দাড়ি গজানোর তেল, ক্রেতাকে ১.৮ লাখ রুপি ফেরতের নির্দেশ

ফাইল ছবি

Advertisement

অনলাইনে অর্ডার করা আইফোনের বদলে দাড়ি গজানোর তেল পাওয়ার ঘটনায় ভারতের ই-কমার্স প্রতিষ্ঠান ফ্লিপকার্ট ও সংশ্লিষ্ট বিক্রেতাকে ক্রেতাকে ১ লাখ ৮০ হাজার রুপির বেশি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন মুম্বাইয়ের একটি ভোক্তা আদালত।

মুম্বাই (সাবার্বান) জেলা ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশন চলতি মাসের শুরুতে দেওয়া রায়ে বলেছে, ক্রেতার অভিযোগের কার্যকর সমাধান না করে বারবার অভিযোগ নিষ্পত্তি হয়েছে বলে দেখানো ‘অন্যায্য বাণিজ্যিক আচরণ’-এর শামিল।

মামলার তথ্য অনুযায়ী, মুম্বাইয়ের পাওয়াই এলাকার এক বাসিন্দা ২০২৩ সালের ২২ এপ্রিল ফ্লিপকার্ট থেকে ‘নো-কস্ট ইএমআই’ সুবিধায় ১ লাখ ১১ হাজার ৭৯৩ রুপিতে একটি অ্যাপল আইফোন ১৪ প্রো (১২৮ জিবি) অর্ডার করেন।

অর্ডারের সঙ্গে কেনা চার্জার ও মোবাইল কভার ঠিকভাবে পৌঁছালেও পরদিন মূল পার্সেল খুলে তিনি দেখেন, আইফোনের বদলে সেখানে রয়েছে দাড়ি গজানোর তেল ও কিছু প্যাকিং সামগ্রী।

এরপর এপ্রিল থেকে মে মাস পর্যন্ত তিনি একাধিকবার ফ্লিপকার্টের গ্রাহকসেবায় অভিযোগ করেন এবং প্রয়োজনীয় সব নথিপত্র জমা দেন। তবে অভিযোগের কোনো কার্যকর সমাধান না করে বারবার সেটিকে ‘সমাধান হয়েছে’ বলে বন্ধ করে দেওয়া হয়। না দেওয়া হয় নতুন আইফোন, না ফেরত দেওয়া হয় অর্থ।

রায়ে কমিশন উল্লেখ করে, অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে ফ্লিপকার্টের দায়িত্ব ছিল ক্রেতার অর্ডার করা পণ্য সঠিকভাবে পৌঁছে দেওয়া এবং অভিযোগের কার্যকর প্রতিকার নিশ্চিত করা। ভুল পণ্য সরবরাহের অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত না করা, ভুল পার্সেল উদ্ধার না করা, বিকল্প পণ্য বা অর্থ ফেরত না দেওয়া এবং বারবার অভিযোগ বন্ধ করে দেওয়া সেবায় স্পষ্ট গাফিলতি ও অন্যায্য বাণিজ্যিক আচরণের প্রমাণ।

আদালত ফ্লিপকার্ট ও বিক্রেতা ইন্টারন্যাশনাল ভ্যালু রিটেইল প্রাইভেট লিমিটেডকে যৌথভাবে ক্রেতার পরিশোধ করা ১ লাখ ১১ হাজার ৭৯৩ রুপি ২০২৩ সালের ২২ এপ্রিল থেকে বার্ষিক ৯ শতাংশ সুদসহ ফেরত দিতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি মানসিক যন্ত্রণা ও হয়রানির ক্ষতিপূরণ হিসেবে ৫০ হাজার রুপি এবং মামলার খরচ বাবদ আরও ২০ হাজার রুপি ৪৫ দিনের মধ্যে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে মামলার আরেক পক্ষ অ্যাপল ইন্ডিয়া জানায়, স্বাধীন বিক্রেতাদের মাধ্যমে পণ্য বিক্রি হলেও তাদের প্যাকেজিং বা সরবরাহ প্রক্রিয়ার ওপর কোম্পানির কোনো নিয়ন্ত্রণ নেই। এই যুক্তি গ্রহণ করে আদালত অ্যাপল ইন্ডিয়ার বিরুদ্ধে করা অভিযোগ খারিজ করে দেন। আদালতের মতে, এ বিরোধ কেবল ভুল পণ্য সরবরাহকে ঘিরে এবং এতে নির্মাতা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

সূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম