৩৬০০ টাকার ছবি বিক্রি হলো ১৩ কোটি টাকায়
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পিএম
১৯৫২ সালে মিশিগানের কালামাজুর চিকিৎসক ড. জন টি. রেনল্ডসকে চিকিৎসার বিনিময়ে এটি দেওয়া হয়েছিল। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
মাত্র ৩০ ডলারে (প্রায় ৩ হাজার ৬৮৫ টাকা) কেনা একটি পুরোনো ছবি বিক্রি হয়েছে ১৩ কোটি টাকারও বেশি দামে। যুক্তরাষ্ট্রের মিশিগানের একটি এস্টেট সেল থেকে ছবিটি কেনার পর এর আসল পরিচয় জানতে পারেন এক সংগ্রাহক।
সিবিএস নিউজ জানিয়েছে, চিত্রকর্মটির নাম Alderman Merriam’s Shells। ১৯৫১ সালে এটি এঁকেছিলেন শিকাগোর বিখ্যাত শিল্পী গার্ট্রুড অ্যাবারক্রোম্বি। সম্প্রতি নিউইয়র্কের ফ্রিম্যান’স নিলাম প্রতিষ্ঠানে ছবিটি ১৩ লাখ ৫২ হাজার ৬০০ ডলারে বিক্রি হয়।
ছবিটির ইতিহাসও বেশ চমকপ্রদ। ১৯৫২ সালে মিশিগানের কালামাজুর চিকিৎসক ড. জন টি. রেনল্ডসকে চিকিৎসার বিনিময়ে এটি দেওয়া হয়েছিল। এরপর নিউইয়র্ক, শিকাগো, মিলওয়াকি ও ইভানস্টনে বিভিন্ন প্রদর্শনীতে ছবিটি দেখা গেলেও ১৯৫৩ সালের পর এটি আর জনসমক্ষে আসেনি।
৭০ বছরেরও বেশি সময় পর কালামাজুর একটি এস্টেট সেলে ভিনাইল রেকর্ড খুঁজতে যান এক সংগ্রাহক। সেখানে ছবিটি দেখে তার আগ্রহ তৈরি হয়। ছবিটি উল্টে পেছনে ‘Abercrombie’ নামটি দেখতে পান তিনি। এরপর মাত্র ৩০ ডলারে সেটি কিনে নেন।
পরে জানা যায়, ছবিটি আসলে ড. রেনল্ডসের পরিবারেরই সংগ্রহে ছিল। অর্থাৎ এত বছর ধরে এটি একই পরিবারের কাছে থাকলেও এর প্রকৃত শিল্পমূল্য সম্পর্কে ব্যাপকভাবে জানা ছিল না।
ছবিটিতে অন্ধকার পটভূমির ওপর কয়েকটি সামুদ্রিক ঝিনুক দেখা যায়। শিল্প বিশেষজ্ঞদের মতে, এর অস্বাভাবিক আলো ও সুররিয়াল উপাদান অ্যাবারক্রোম্বির শিল্পীজীবনের গুরুত্বপূর্ণ সময়কে তুলে ধরে। ছবিতে থাকা ফাটা ঝিনুকের মোটিফটিকেও তার পরবর্তী শিল্পকর্মের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের প্রাথমিক উদাহরণ হিসেবে ধরা হয়।
নিলামের আগে ছবিটি সংস্কার করা হয়। এর প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছিল ১৫ হাজার থেকে ২ লাখ ৫০ হাজার ডলারের মধ্যে। কিন্তু শেষ পর্যন্ত তা বিক্রি হয় ১৩ লাখ ৫২ হাজার ৬০০ ডলারে।
ফ্রিম্যান’স জানিয়েছে, এটি গার্ট্রুড অ্যাবারক্রোম্বির কোনো শিল্পকর্মের নিলামে ১০ লাখ ডলারের সীমা ছাড়ানোর প্রথম ঘটনা। ফলে ৩০ ডলারে কেনা সেই পুরোনো ছবিই হয়ে উঠেছে শিল্পীর সবচেয়ে আলোচিত ও মূল্যবান বিক্রিগুলোর একটি।

