জাপানে ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ২০ লাখ ইয়েন
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ব্যস্ত কর্মজীবনের কারণে ঘুমের ঘাটতি এখন জাপানে বেশ সাধারণ সমস্যা। এ সমস্যা নিয়ে সচেতনতা বাড়াতে টোকিওতে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী এক ঘুমের প্রতিযোগিতা।
‘ম্যাট্রেস রেস’ নামের এই প্রতিযোগিতায় কয়েক ডজন মানুষ অংশ নেন। লক্ষ্য ছিল যত দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়া এবং সবচেয়ে গভীর ও প্রশান্ত ঘুম নিশ্চিত করা।
প্রতিযোগীদের আরামদায়ক ম্যাট্রেসে শুয়ে থাকতে দেওয়া হয়। তাদের মাথায় লাগানো ছিল ঘুম পর্যবেক্ষণের বিশেষ যন্ত্র। সর্বোচ্চ ৯০ মিনিট ঘুমানোর সুযোগ ছিল প্রতিযোগীদের। কেউ কেউ ঘুমানোর সময় সঙ্গে নরম খেলনাও নিয়ে গিয়েছিলেন।
প্রতিযোগিতায় বিজয়ীর জন্য পুরস্কার হিসেবে দেওয়া হয় ২০ লাখ ইয়েনের বেশি, যা প্রায় ১৪ হাজার মার্কিন ডলারের সমান।
কত দ্রুত প্রতিযোগী ঘুমিয়ে পড়েছেন এবং তার ঘুম কতটা গভীর ও প্রশান্ত ছিল—এসব বিষয় বিবেচনায় নিয়ে বিজয়ী নির্বাচন করা হয়।
কোয়ালা স্লিপ জাপানের ক্রিয়েটিভ ডিরেক্টর রিইচিরো নাকামা বলেন, ঘুমের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং মানুষকে পর্যাপ্ত বিশ্রাম নিতে উৎসাহিত করাই এ প্রতিযোগিতার উদ্দেশ্য।
অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) ২০২১ সালের তথ্য অনুযায়ী, জাপানের মানুষ প্রতিদিন গড়ে ৭ ঘণ্টা ২৪ মিনিট ঘুমান। সংস্থাটির সদস্য দেশগুলোর মধ্যে এটি সর্বনিম্ন গড় ঘুমের সময়।
বিশেষজ্ঞদের মতে, ভ্রমণ এবং গভীর রাত পর্যন্ত বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ত থাকা জাপানিদের ঘুমের ঘাটতির অন্যতম প্রধান কারণ।
সূত্র: সামা টিভি
